শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উথলীতে রেললাইনের লোহার পাতে হঠাৎ ফাটল,মেরামতের পর স্বাভাবিক

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২৪ ইং
জীবননগর উথলীতে রেললাইনের লোহার পাতে হঠাৎ ফাটল,মেরামতের পর স্বাভাবিক

প্রতিবেদক, উথলী:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে একটি ফাটলের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা প্রথম লাইনে ফাটলটি দেখতে পান। খবর পেয়ে উথলী স্টেশন মাস্টার কর্তব্যরত আনসার সদস্যদের মাধ্যমে রেললাইনের ওপর লাল পতাকা টাঙিয়ে দেন। পরে ত্রুটিপূর্ণ লাইন দিয়েই একটি মালগাড়ি ও দুটি লোকাল ট্রেন ধীরগতিতে দুর্ঘটনা এড়িয়ে ঘটনাস্থল অতিক্রম করে। পরে বেলা একটার দিকে সংশ্লিষ্টরা লাইন মেরামতের কাজ শুরু করেন। বিকেল চারটায় মেরামত কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে বিভাগ বলছে, অতিরিক্ত লোডে বা ঠাণ্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে। এ ধরণের ফাটলকে ক্র্যাক বলা হয়।
জানা গেছে, গতকাল দুপুরে স্থানীয় এক ব্যক্তি লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রেললাইনে ফাটলটি দেখতে পান। দ্রুত সময়ের মধ্যে তিনি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য রিপন মণ্ডলকে বিষয়টি জানান। পরে উথলী স্টেশন মাস্টার ঘটনাস্থলে আনসার সদস্যদের নিয়োজিত করে সেখানে লাল পতাকা টাঙিয়ে দেন। ভাঙা লাইনের ওপর দিয়ে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী আপ রকেট মেইল ট্রেনকে ঘটনাস্থল অতিক্রম করানো হয়। স্থানীয়দের ধারণা, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন উথলী রেলস্টেশন অতিক্রম করার পর বা অতিক্রম করার সময় লাইনে ফাটলের সৃষ্টি হয়। এদিকে, দুপুরেই জীবননগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উথলী স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, সকালে ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে সেখানে লাল পতাকা টাঙিয়ে দিয়ে আনসার সদস্যকে নিয়োজিত করা হয়। এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এটা নাশকতার ঘটনা নয়। লাইনের বয়স বেশি হওয়ায় অতিরিক্ত চাপে এ ফাটলের সৃষ্টি হতে পারে। এ ধরণের ফাটলকে ক্র্যাক বলা হয়। তিনি আরও জানান, বেলা একটার দিকে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামতের কাজ শুরু করে, যা শেষ হয় বিকেল চারটায়। মেরামত শেষে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ