নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগরে প্রতারণার সময় নাজমুল হোসাইন (৩৯) নামের কথিত এক ভুয়া পুলিশকে আটক করেছে থানা পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার হাসাদাহ বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাজমুল হোসাইন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন দেবীপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কথিত ভুয়া পুলিশ নাজমুল নিজেকে নারায়নগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একজন কর্মকর্তা পরিচয় দিয়ে গত ৮ জানুয়ারি হাসাদাহের কন্দর্পপুর গ্রামের মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির মোবাইলে কল করেন। এসময় কথিত পুলিশ সদস্য নাজমুল ভুক্তভোগী মিরাজুল ইসলামকে বলেন ‘আপনার মোবাইল নাম্বারটি যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ধারণা করছি আপনিও এর সঙ্গে সম্পর্কিত আছেন। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বিষয়টি তদন্তের জন্য আমরা আপনার বাড়িতে যাব। সিমটি খোলা রাখবেন।
এরইমধ্যে গতকাল বিকেলে নাজমুল হোসাইন মিরাজুলের বাড়িতে হাজির হয়ে তার নিকট থেকে সিমটি নিয়ে নেয়। তবে এসময় নাজমুলের কথাবার্তায় সন্দেহ হলে মিরাজুল হাসাদাহ ক্যাম্প পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশ পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করে। এসময় তাকে আটক করে জীবননগর থানা হেফাজতে নেওয়া হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবীদ হাসান বলেন, পুলিশ পরিচয়ে প্রতারণার সময় কথিত ভুয়া পুলিশ নাজমুল নামের এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় ১৭০/৪২০ ধারায় মামলা রুজু হয়েছে।
সমীকরণ প্রতিবেদন