শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের মহেশপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষা চাষ

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২৪ ইং
ঝিনাইদহের মহেশপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষা চাষ

আব্দুর রহিম, মহেশপুর:
এক সময় লাভ না হওয়ায় অব্যাহত লোকসান গুনতে থাকায় ঝিনাইদহের মহেশপুরে সরিষা চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কৃষকেরা। তবে এখন কৃষি বিভাগের উদ্যোগে এ অঞ্চলের কৃষকরা আবারও সরিষা চাষে মনোযোগী হয়েছেন। এতে গত কয়েক বছরের তুলনায় উপজেলাটিতে সরিষা চাষ বেড়েছে। উচ্চফলন আর লাভের আশায় কৃষকদের মনে এখন আনন্দের জোয়ার। বিনামূল্যে পাওয়া উচ্চফলনশীল জাতের সরিষার ফলনে কৃষকের মুখে ফিরেছে প্রশান্তির হাসি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলায় গত বছর ৮০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এ বছর কৃষি বিভাগের উদ্যোগে সরিষা চাষে কৃষকরা দারুণ অনুপ্রাণিত হয়েছেন। ফলে এ বছর উপজেলায় সরিষার চাষ বেড়েছে। মহেশপুর উপজেলায় এ বছর ৯৬০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কৃষকদের উৎসাহিত করতে এবার উপজেলা কৃষি অফিস থেকে সরকারিভাবে কৃষককে বারি জাতের সরিষা বীজ বিনামূল্যে দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
স্থানীয় কৃষক আব্দুর রহিম জানান, সরিষা চাষে খরচ কম লাভ বেশি। তাই প্রতি বছর তিনি দুই-তিন বিঘা জমিতে চাষ করেন। এবছর তিনি তিন একর জমিতে সরিষা চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার ভালো ফলনের আশা করছেন তিনি।
কৃষক আলী ইসলাম জানান, সরিষা চাষে তেমন খরচ নেই। শুধু জমি চাষের পর বীজ ছিটিয়ে দিতে হয়। তারপর গাছ বড় হলে দিতে হয় সেচ। এ ফসলে সার বা কীটনাশকের তেমন একটা প্রয়োগ করতে হয় না। ফলে সরিষা চাষে অনেক লাভ। উচ্চফলনশীল জাতের বীজ বিনামূল্যে পাওয়ায় এলাকার অনেক চাষি এবার সরিষা চাষ বাড়িয়েছেন।
মহেশপুর উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, উপজেলায় এ বছর ৯৬০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৯৫৭ হেক্টর। গত বছরের তুলনায় এ বছর ১৬০ হেক্টর জমিতে বেশি সরিষার চাষ হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে। তাই কৃষকরা উৎসাহিত হয়ে সরিষার ব্যাপক চাষাবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার ভালো আবাদের সম্ভাবনা রয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ