আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাধবপুর মাঠে ২০২৩-২৪ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা।
তিনি বলেন, সরিষার আবাদ বাড়িয়ে ভোজ্যতেলের চাহিদা পূরণ করতে হবে। স্বল্প মেয়াদে আমন আর বোরোর মাঝে উচ্চফলনশীল সরিষার আবাদ করলে তেলের অভাব হবে না, গোলা ভরা ধানও পাবেন। বিনা সিরাষা-৪, বিনা সরিষা-৯ বিনা সরিষা -১১, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৭ লাগাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যায়ন অফিসার সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কায়ছার ইকবাল, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের যশোর অঞ্চল মনিটরিং অফিসার হীরক কুমার সরকার, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল আজম ও দৈনিক স্পন্দন পত্রিকার আলমডাঙ্গা অফিস প্রধান অধ্যক্ষ জামসিদুল হক।
উপ-সহকারী কৃষি অফিসার খালিদ সাইফুল্লাহের উপস্থাপনায় এসময় বক্তব্য দেন সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার পাপিয়া খাতুন ও শাকিলা পারভীন। কৃষকদের মধ্যে বক্তব্য দেন হাফিজুর রহমান, সিদ্দিক আলী, তক্কেল আলী ও আনিছুর রহমান।
সমীকরণ প্রতিবেদন