সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার আসমানখালী সাহেবপুর গ্রামের মাঝেরপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনায় দুপক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
এ বিষয়ে সাহেবপুর গ্রামের ওই জমির মালিক কুবাদ বলেন, ‘আমার পৈত্রিক সম্পত্তি সদু আলীদের বাসার পাশেই পড়ে রয়েছে। আমার জমি দিয়ে তারা দীর্ঘদিন যাবত চলাচল করছে। ওই জমির আঙিনায় আমি কোনো গাছ-গাছালি লাগাতে পারছি না। আমি কোনো গাছ-গাছালি রোপণ করলে তারা কেটে দেয় ও নড়িয়ে দেয়। এতে আমার গাছ ওই স্থানে হচ্ছে না। আমি আমার জমির আঙিনা ফেলে রেখে আমার টিউবওয়েলের পানি নিষ্কাশন করার জন্য নালা করেছি। এটা নিয়ে আমাকে বিভিন্ন সময়ে গালিগালাজ করছে। বিষয়টি আমি তাদের নিষেধ করতে গেলে আমার ছেলে ফারুক হোসেন ও আমাকে বেধড়কভাবে মারপিট করেছে। এতে আমার ছেলে ফারুক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আমার ছেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা বাসায় ফিরে এসেছি। আমি আলমডাঙ্গা থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।’
সুদ আলী আলী বলেন, ‘আমাদের বাড়ি থেকে বের হওয়ার পথ না থাকায় আমরা কুবাদ আলীর জমি দিয়ে বের হতাম। কিন্তু কুবাদ ওই জমিতে পগার কেটেছে। আমি বলতে গেলে কুবাদ ও তার ছেলে ফারুক হোসেনসহ কয়েকজন মিলে আমাকে ও আমার পুত্রবধূকে বেধড়ক মারপিট করেছে। স্থানীয়দের সাহায্যে আমারা আলমডাঙ্গা উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিই। এ ঘটনায় আমি আলমডাঙ্গা থানায় তিনজনের নামে লিখিত অভিযোগ করেছি।’
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, ‘এখন পর্যন্ত অভিযোগের কপি আমার হাতে পৌঁছায়নি। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সমীকরণ প্রতিবেদন