শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জয়রামপুরে নকশীকাঁথা ট্রেন থামার দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৩ ইং
জয়রামপুরে নকশীকাঁথা ট্রেন থামার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক, দামুড়হুদা/জয়রামপুর:
দামুড়হুদার জয়রামপুর রেলস্টেশনে নকশীকাঁথা (গোয়ালন্দ মেইল) ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে স্থানীয় বাসিন্দারা আবারও মানববন্ধন করেছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে জয়রামপুর স্টেশন ট্রেন অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে জয়রামপুর রেল স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা (গোয়ালন্দ মেইল) ট্রেনটি সেই ব্রিটিশ আমলে থেকে জয়রামপুর রেল স্টেশনে থামতো। এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে বিপুল জনগোষ্ঠী দীর্ঘদিন যাতায়াতের সুবিধা ভোগ করতো। কিন্তু হঠাৎ করে এই ট্রেনের ঢাকাগামী নতুন সংস্করণ নকশীকাঁথা (গোয়ালন্দ মেইল) ট্রেনের প্রকাশিত নতুন যাত্রাবিরতি শিডিউলে জয়রামপুর রেলস্টেশনকে বাদ রাখা হয়েছে। যার ফলে চলতি ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে জয়রামপুর রেলস্টেশনে আর নকশীকাঁথা ট্রেনটি থামছে না। দামুড়হুদা থানার একমাত্র স্টেশন জয়রামপুর রেলওয়ে স্টেশন হতে যাতায়াত করা লক্ষাধিক মানুষের ব্যবসা-বাণিজ্য, চাকরি, চিকিৎসা ও আত্মীয়তায় অবর্ণনীয় ছাপ পড়েছে। মানুষ ইতোমধ্যেই দুর্ভোগের শিকার হচ্ছে। এ দুর্ভোগ নিরসনের জন্য গত ২৪ নভেম্বর জয়রামপুর রেলওয়ে প্লাটফর্মে একটি মানববন্ধন করা হয়। আর ২৯ নভেম্বর পাকশি আঞ্চলিক রেল ব্যবস্থাপকের কার্যালয়ে স্থানীয় বাসিন্দাদের গণদুর্ভোগের বিষয়ে জানিয়ে একটি গণপিটিশন দাখিল করে জয়রামপুরের স্থানীয় বাসিন্দারা।

জয়রামপুর স্টেশন ট্রেন অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক লাজিব আক্তার সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ও হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, উপদেষ্টা নাফিজ আক্তার সিদ্দিকী, আনোয়ারুল মাস্টার, উপদেষ্টা ও হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ুব আলী স্বপন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম মিফতা, কো-সমন্বয়ক ও পড়শির সভাপতি মো. হানিফ, হুমায়ুন আহম্মদ ডাবলু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ট্রেনের জন্মলগ্ন থেকে জয়রামপুর রেলস্টেশনে গোয়ালন্দ মেইল ট্রেনটি থামতো। কিন্তু এ মাসের প্রথম দিন থেকে ট্রেনটি আর জয়রামপুর স্টেশনে থামছে না। জয়রামপুরে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা, জয়রামপুর হাঁট, কেরু অ্যান্ড কোম্পানির আখ সেন্টার ও ইউনিয়ন ভূমি অফিসসহ হাজার হাজার শিক্ষার্থী ও পথচারীরা এই রেলস্টেশনের ওপর দিয়ে চলাফেরা করে। এই স্টেশনে নেই কোনো গেটম্যান। ফলে মাঝে মধ্যেই ট্রেনে কেটে মানুষ, পথচারী, স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছেলে মেয়ে নিহত হচ্ছে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অচিরেই যদি পুনরায় নকশীকাঁথা ট্রেনটি জয়রামপুর স্টেশনে না থামানো হয়, তাহলে আগামীতে স্থানীয় ও এলাকার জনগণ নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন পরিচালনা করেন কুকিয়া চাঁদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আলিম।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ