আলমডাঙ্গার গোপীবল্লভপুরে বেপরোয়া গতির আলমসাধুর ধাক্কা : স্কুলছাত্রী নিহত : চালকসহ দু’জনের বিরুদ্ধে মামলা
- আপলোড তারিখঃ
১৩-০৮-২০১৭
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার গোপীবল্লভপুর গ্রামের নীলা নামের ৭ বছরের এক শিশুকন্যাকে আলমসাধু চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরের দিকে স্কুলের সামনের সড়কে ওই শিশু কন্যা রাস্তা দিয়ে যাবার সময় বেপরোয়া গতিতে চালক তার আলমসাধু শিশুটির শরীরের উপর তুলে দিলে ঘটনাস্থলেই ক্ষতবিক্ষত হয়ে তার মুত্যু হয়।
জানা গেছে,আলমডাঙ্গার গোপীবল্লভপুর গ্রামের মাসুদ রানার শিশুকন্যা নীলা গ্রামেরই স্কুলে ২য় শ্রেণীতে লেখাপড়া করতো। গতকাল সকালে সে স্কুলে যায়। দুপুরের দিকে স্কুল ছুটি হলে বাড়ি ফেরার জন্য স্কুলের সামনের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় দূর্লভপুর গ্রামের আলম হোসেনের ছেলে লাল মিয়া আলমডাঙ্গা থেকে আলমসাধু নিয়ে দ্রুত গতিতে পোলতাডাঙ্গার দিকে যাচ্ছিল। আলমসাধু বেপরোয়া গতিতে গিয়ে স্কুলছাত্রী নীলাকে ধাক্কা দিলে ছিটকে রাস্তার ওপর পড়ে যায় সে। আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই নীলার মৃত্যু হয়। এ ঘটনার পর গ্রামে আপোষ মিমাংসার চেষ্টা করে কোন সুরাহা হয়নি। শেষ পর্যন্ত গতরাতে নিহত শিশু কন্যা নীলার বাবা মাসুদ রানা বাদী হয়ে আলমসাধু চালক দুর্লভপুর গ্রামের সেলু ও লাল মিয়ার নামে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।
কমেন্ট বক্স