চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক : ফেনসিডিল উদ্ধার
পুলিশ সুপার নিজাম উদ্দীনের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চলমান জেলা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামি আটক হয়েছে। গত ৬ আগস্ট থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার ও চিহ্নিত কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক দু’টি বিশেষ অভিযানে অস্ত্রসহ একাধিক মামলার আসামী ও বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামি আটক ও মাদকদ্রব্য উদ্ধারের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার নিজাম উদ্দীন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীন লিখিত বক্তব্যে বলেন, গত ৬ আগস্ট থেকে খুলনা রেঞ্জের ১০ জেলায় একত্রে বিশেষ অভিযান পরিচালনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন। যার অংশ হিসেবে বিশেষ পুলিশী অভিযানে গত বৃহস্পতিবার রাত ৮টার পর গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে বেলগাছি গ্রামের বাগানপাড়ার সাহেব আলীর ছেলে একাধিক মামলার আসামী আবুল কালাম ওরফে বোমা কালামকে (৩৫) দেশীয় তৈরি ওয়ান স্যুটার গানসহ গ্রেফতার করে।
অপরদিকে, গত শুক্রবার ভোর সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত অভিযান পরিচলনাকালে জীবননগর-দত্তনগর সড়কের শাপলাকলি পাড়ার হাসানের মটর গ্যারেজের সামনে একটি পিকআপ ভ্যান থেকে বস্তাভর্তি অবস্থায় ২৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়াও ১০ তারিখ ভোর ৬টা থেকে ১১ তারিখ ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গা জেলার ৪টি থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় মোট ৪২ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০ পিচ ইয়াবা ও একটি মাদক বহনকারী মোটরসাইকেল আটক করা হয় বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহ। এ ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।