নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জাতীয় পর্যায়ে ১১টি সংগঠন নিয়ে গঠিত জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট পূর্বের বিভিন্ন কর্মসূচির ন্যায় ১১দফা দাবী নিয়ে সারা দেশব্যাপী সংবাদ সম্মেলনের আয়োজন করে। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা পান্না সিনেমা হলের সামনে অবস্থিত নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখা।
এ সময় সংবাদ সম্মেলনে শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান লিখিত বক্তব্যে ১১টি ভিন্ন ভিন্ন দাবীসহ শিক্ষা জাতীয়করণ, বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূণাঙ্গ উৎসব, বৈশাখী, চিকিৎসা, বাড়ি ভাড়া, পেনসন ভাতা প্রদানসহ নন এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তকরণ এবং কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের অতিরিক্ত চাঁদা কর্তন বন্ধের দাবী জানান।
বক্তব্যে বলা হয় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২০ জুলাই বেলা ১১টায় দাবীর সপক্ষে শহীদ হাসন চত্বরে মানববন্ধন, ২৩ জুলাই বেলা ১১টায় উপজেলা সদরে দাবীর সপক্ষে মিছিলসহ ৩০ জুলাই রবিবার বেলা ১১টার সময় শিল্পকলা একাডেমি চত্বরে সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করবে সংগঠনটি।
তিনি আরো বলেন দাবীসমূহ না মানলে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট আগামী ৭ সেপ্টেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষনা করা হবে। সংবাদ সম্মেলনে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন