চুয়াডাঙ্গা শহরে তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
- আপলোড তারিখঃ
০৯-০৯-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত কেরামত আলীর ছেলে রাশেদ ভুঁইয়া (৩০), বেলগাছী মুসলিমপাড়ার মাওলা বখসের ছেলে জাহাঙ্গীর আলম (২৪) ও বেলগাছী ঈদগাহ পাড়ার ইউসুফ আলীর ছেলে ইসরাফিল হোসেন (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে অভিযান চালায়। এসময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় গাঁজা।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে তিনজনকেই ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স