বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গোডাউনে ভয়াবহ আগুন!

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০২২ ইং
চুয়াডাঙ্গায় গোডাউনে ভয়াবহ আগুন!
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় ঘটতে যাচ্ছিল আরেক সীতাকুণ্ড ট্রাজেডি। কিন্তু নাইটগার্ডের সর্তকতা ও ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে স্থানীয় যুবসমাজ ঝুঁকি নিয়ে কাজ করায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের ব্যবসায়ী এলাকা ফেরিঘাট রোডের একটি ইলেকট্রনিক গোডাউনে হঠাৎ ভয়াবহ আগুন লাগার এই ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নেভানোর উদ্যোগ গ্রহণ করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে ঝুঁকি নিয়েই আগুন নিয়ন্ত্রণে নেমে পড়ে স্থানীয় যুবসমাজ। আর এতেই এড়ানো গেছে কোটি কোটি টাকার ক্ষয়-ক্ষতি ও হতাহতের ঘটনা। জানা গেছে, সর্বপ্রথম আগুনের ফুলকি দেখেন একজন নাইটগার্ড। এরপর তিনি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এরপর আগুনের ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করলে ফায়ার সার্ভিসের আরও তিনটি দল এসে কাজ শুরু করে। পরে সম্মিলিত প্রচেষ্টায় মধ্যরাতের এই আগুন ৫ ঘণ্টা পর সকালে নিয়ন্ত্রণে আসে। ফেরিঘাট রোডের বাসিন্দা সাইদুর রহমানের তিনতলা ভবনের নিচের গোডাউনটি ভাড়া নেয় সুপারস্টার কোম্পানির স্থানীয় ডিলার মামুন এন্টারপ্রাইজ। তারা এই গোডাউনে বাল্ব, ফ্যানসহ ইলেকট্রনিকের নানা পণ্য রাখত। কিন্তু গতরাতে হঠাৎ করেই এই গোডাউনে আগুন লেগে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হলেও তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় এলইডি বাল্পসহ অর্ধকোটি টাকার ইলেকট্রনিক পণ্য পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত দুইটার দিকে তিনতলা ওই ভবনের নিচতলায় আগুনের শিখা দেখতে পান তাঁরা। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গোডাউনের শাটার ভেঙে আগুনের ভয়াবহতা দেখতে পান। এরপর শুরু হয় নিয়ন্ত্রণ কাজ। অন্তত ৫ ঘণ্টা চলে এ কার্যক্রম। ওই ভবনের মালিক নাগিব মাহফুজ জানান, বাড়িটির নিচতলা গোডাউন হিসেবে ভাড়া দেওয়া আছে। ওই গোডাউনে এলইডি বাল্ব, বৈদ্যুতিক পাখা ও বৈদ্যুতিক তার রাখা হতো। ইলেকট্রিক পণ্যের কারণে আগুন ভয়াবহ পর্যায়ে পৌঁছায়। তবে আগুন ছড়িয়ে না পড়ায় আশপাশে ক্ষয়-ক্ষতি খুব বেশি হয়নি। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, রাত দুইটার পর খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি দল। একটানা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোডাউনের প্রবেশ পথ ও জায়গা সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। এছাড়া গোডাউন ইলেকট্রিক জিনিসপত্র থাকার কারণে দ্রুতই আগুনের ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে, কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’