পদ সৃজন হলো আলমডাঙ্গা সরকারি কলেজের সকল শিক্ষক-কর্মচারীর
- আপলোড তারিখঃ
০৪-০৬-২০২২
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা সরকারি কলেজের সকল শিক্ষক ও কর্মচারীর পদ সৃজন হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আল মামুন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। অল্প কিছুদিনের মধ্যেই এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে চিঠি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২০১৮ সালে আলমডাঙ্গা কলেজ সরকারিকরণের প্রজ্ঞাপন জারি হলেও অধিকাংশ শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তারা হতাশার মধ্যে দিন অতিবাহিত করছিলেন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, অজানা আতঙ্কে অনিশ্চয়তার একটি কালো মেঘ আমাদের হৃদয়ে বাসা বাধছিল। কারণ সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সারওয়ার মিঠু বিভিন্ন সময়ে মন্ত্রণালয় থেকে ঘুরে এসে বিভিন্ন রকম হতাশাজনক কথাবার্তা শোনাতেন এবং শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন কাজের ওসিলায় টাকা-পয়সা নিতেন ও কালক্ষেপণ করতেন। যার ফলে হতাশার বন্দিদশা ছিল আমাদের নিত্য সঙ্গী। পরবর্তীকালে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কঠোর ছাত্র আন্দোলনের ফলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপসারণের ফলেই এই সফলতা এসেছে বলে এই শিক্ষক মনে করেন।
তিনি আরও বলেন, গোলাম সরোয়ার মিঠুর অপসারণ না হলে এই বিষয়ে আরও কালক্ষেপণ হতো এবং সকল শিক্ষক-কর্মচারী অনিশ্চয়তায় দিনাতিপাত করতেন। দুদক সপ্রণোদিত হয়ে যদি তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করে, তাহলে নিশ্চয়ই থলের বিড়াল বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন। এদিকে, পদ সৃজনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কলেজের সাধারণ শিক্ষক মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় এবং মতবিনিময় সভা শেষে মিষ্টিমুখ করানো হয়।
কমেন্ট বক্স