বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় রাস্তার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২২ ইং
চুয়াডাঙ্গায় রাস্তার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রাস্তার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের মদিনা ক্লিনিক ভবন ও গুলশানপাড়ার ডা. আকসেদ আলীর বাড়ির সামনের রাস্তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অভিযান সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকার মদিনা ক্লিনিক ভবন মালিক ফজলে রাব্বি সেতু চলাচলের রাস্তার ওপর সিঁড়ি তৈরি করেছেন। বিভিন্ন সময় এই সিঁড়ির কারণে হাসপাতাল সড়কে মোটরসাইকেল ও ইজিবাইক দুর্ঘটনার ঘটনা ঘটছে। এছাড়াও গুলশানপাড়ায় রাস্তার কোল ঘেষে অবৈধভাবে প্রাচীর ও স্থাপনা নির্মাণ করা হয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল বিকেলে সদর উপজেলা প্রশাসের উদ্যোগে রাস্তার ওপর অবৈধ স্থাপনা অপসারণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মদিনা ক্লিনিক ভবনের রাস্তার ওপর অবৈধভাবে তৈরিকৃত সিঁড়ি ভেঙে অপসারণ করা হয় ও গুলশানপাড়ায় রাস্তার কোল ঘেষে অবৈধভাবে নির্মিত ডা. আকসেদ আলীর বাড়ির প্রাচীর সাত দিনের মধ্যে ভেঙে অপসারণের নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ অভিযানের পরিচালক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর এলাকা ও সদর হাসপাতাল এলাকায় যারা রাস্তার ওপর ও রাস্তার কোল ঘেষে অবৈধভাবে স্থাপনা ও প্রাচীর নির্মাণ করেছেন, আমরা পূর্বেই তাদেরকে তা অপসারণ করার জন্য জানিয়েছি। এরপরেও যারা তাদের অবৈধ স্থাপনা, প্রাচীর বা সিঁড়ি অপসারণ করেননি, সেসকল স্থাপনা ভেঙে অপসারণ করা হয়েছে। পূর্বের ন্যায় আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা তাদের স্থাপনা অপসারণ করবেন না, জনগণের স্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেসকল স্থাপনা ভেঙে অপসারণ করা হবে।’ অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পৌর ভূমি কর্মকর্তা আতিকুল হক, পৌর সহকারী সার্ভেয়ার জিয়াউর রহমান ও সদর থানা পুলিশের একটি চৌকশ টিম।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী