চুয়াডাঙ্গায় যাকাত ফান্ড থেকে দুস্থ ও গরীবদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ
- আপলোড তারিখঃ
২৩-০৫-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সরকারি যাকাত ফান্ড থেকে দুস্থ ও গরীবদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেলাই মেশিন ও নদগ অর্থ বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও যাকাত কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এসময় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ আশরাফ আলী, ফিল্ড সুপারভাইজার জিয়াউর রহমান ও ফিল্ড অফিসার মজিবার রহমান উপস্থিত ছিলেন।
সরকারি যাকাত ফান্ড থেকে ২০২১-২০২২ অর্থবছরে জেলায় সংগৃহীত যাকাতের ৭০% অর্থ থেকে চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলার ৮ জন দুস্থ ও গরীবকে স্বাবলম্বীর লক্ষে ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া একই অর্থ বছরের আওতায় কেন্দ্রীয়ভাবে অনুমোদিত ৫ জন দুস্থ ও গরীবকে মোট ৪১ হাজার টাকা নগদে বিতরণ করা হয়। এছাড়াও জেলায় সংগৃহীত যাকাতের অবশিষ্ট অর্থ ৭১ হাজার ৭৪০ টাকা ৪টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণের মাধ্যমে বিতরণের জন্য সংশ্লিষ্ট ফিল্ড সুপারভাইজারদের নিকট অনুমোদিত তালিকা ও অর্থ প্রেরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান সেলাই মেশিন গ্রহীতাদের উদ্দেশ্য করে বলেন, এটা যেন আয়বর্ধক কাজে ব্যবহৃত হয়, এবং নিজেরা যাতে স্বাবলম্বী হতে পারেন সে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
কমেন্ট বক্স