ঝিনাইদহের মহেশপুরে মাদকাসক্ত স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী জুলিয়া খাতুন (২৩) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বাবলুর রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বাবলুর রহমান সেজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে এবং নিহত জুলিয়া খাতুন উপজেলার সামন্তা গ্রামের দিনমজুর আবুল কালামের মেয়ে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, মাদক সেবন করে এসে বাবলু প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতো। এ নিয়ে মাঝে মধ্যে তাদের ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গতকাল শুক্রবার রাত আটটার দিকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে স্বামী ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাব্বির হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই জুলিয়া খাতুনের মৃত্যু হয়। তাঁর মাথায় ও পিঠে কুড়ালের আঘাতের চিহ্ন আছে।
এদিকে, খবর পেয়ে দ্রুত মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামী বাবলুর রহমানকে গ্রেপ্তার করে। নিহত জুলিয়া খাতুন তিন সন্তানের জননী। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সমীকরণ প্রতিবেদন