নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মোছাম্মদ খাদিজা (আড়াই বছর) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ছয়টার দিকে আলমডাঙ্গা উপজেলার বন্দরভিটা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের বন্দরভিটা গ্রামের শাহিন ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্দরভিটা গ্রামে রাস্তার পাশে নিজ বাড়ির উঠানে খেলা করার সময় দৌঁড়ে রাস্তা পার হতে যায় শিশু খাদিজা। এসময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে শিশুটির ধাক্কা লাগলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। এসময় স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় খাদিজা নামের একটি শিশুকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যরা জানায় শিশুটি মোটরসাইকেলর ধাক্কায় গুরুতর জখম হয়েছে। তবে জরুরি আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়।’
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আলমডাঙ্গা থানাধীন বন্দরভিটা গ্রামে মোটরসাইকেলর ধাক্কায় এক শিশুর মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। তবে এ ঘটনায় পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন