মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২২ ইং
তিতুদহ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শুকুর আলীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। পরে দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া।

শপথবাক্য পাঠ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান নবনির্বাচিত চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, ‘আপনি আজ নির্বাচিত হয়ে এসেছেন। জনগণের প্রতি আপনার দায়িত্ব আছে। আপনার ওপর অর্পিত দায়িত্ব ও শপথ যথাযথভাবে জাতির সেবায় নিবেদিত হতে হবে। আপনার নিজ এলাকায় উন্নয়ন কাজ যথাযথভাবে হচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখবেন। কী কী করলে আরও উন্নয়ন করা যায়, সেদিকেও খেয়াল রাখবেন। আপনার অনেক কাজ। অনেক বাধা, চড়াই-উৎরাই পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়।

চেয়ারম্যানের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূঁইয়া, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তিতুদহ ইউপির প্রশাসক আব্দুল হান্নান।

দুপুর সাড়ে ১২টায় ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া বলেন, ‘আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন নিষ্ঠার সাথে। আপনারা জনগণের একেবারে কাছে থাকার সুযোগ পান। আপনাদের জনগণের সেবা দিতে হবে। এই চেয়ারটাকে ক্ষমতা মনে করবেন না। এটা আপনাদের দায়িত্ব ও কর্তব্য।’

ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিব রুহানী মাসুম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তিতুদহ ইউপির প্রশাসক আব্দুল হান্নান ও তিতুদহের নবনির্বাচিত ইউপি চেয়াম্যান শুকুর আলী। এসময় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী