নিজস্ব প্রতিবেদক:
দর্শনায় ফেনসিডিল ও ইয়াবাসহ মনির জোয়ার্দ্দার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার দুপুরের দিকে দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে মনির জোয়ার্দ্দারের মোটর সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এসময় সেখান থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মনির জোয়ার্দ্দার (৪১) দর্শনা সিঅ্যান্ডবি পাড়ার লিয়াকত জোয়ার্দ্দারের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, দুপুরের দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে মনির জোয়ার্দ্দারের মোটর গাড়ি সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। পরে মনির জোয়ার্দ্দারের স্বীকারোক্তিতে মোটর গাড়ি সার্ভিসিং সেন্টারে তল্লাশি চালিয়ে ৪৬ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মনির জোয়ার্দ্দারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন