নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, পদ্মা জোনাল পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের এফএফ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাঁধন, পদ্মা জোনাল পরিষদের কার্যকরী কমিটির সহসভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের জোনাল প্রতিনিধি ও সজিবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন বলেন, ‘মানবতার আরেক নাম বাঁধন। বর্তমান সময়ে মহামারিতে মানুষ যখন নিজের জীবন নিয়ে হিমশিম সেখানে বাঁধনের কর্মীরা এগিয়ে যাচ্ছে দুর্বার। কখনো মানুষকে রক্ত দিয়ে কখনো রক্ত সংগ্রহ করে কখনো গরীব মানুষের মাঝে ঈদ-সামগ্রী নিয়ে হাজির হচ্ছে মানুষের জন্য।’
‘একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন’ এ স্লোগানে ১৯৯৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বাঁধন কেন্দ্রীয় কমিটি, জোন, ইউনিট, স্বতন্ত্র ইউনিট, পরিবার ধাপে ধাপে সাজিয়ে উঠেছে সমগ্রিক সংগঠনটি। এই বছরের বাঁধন পদ্মা জোনাল পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতি সবুর আহমেদ ও সাধারণ সম্পাদক সজিবুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মুশফিকুর রহিম ও তানিয়া আফরিন নিশির উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, বাঁধন কেন্দ্রীয় পরিষদের কোষাধ্যক্ষ সুশান্ত রায়, বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা আলাউদ্দিন মোল্লা, সজল আহমেদ, বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক উপদেষ্টা মো. মতিউর রহমান, জাহিদুল হাসান, হাফিজুর রহমান, মাসুদ পারভেজ, প্রথম আলো চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ্ আলম সনি, বাঁধন সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম হোসেন, আল মামুনসহ বাঁধন সংগঠনের সদস্যবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন