সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

টানা এক মাস বন্ধ থাকার পর চুয়াডাঙ্গাসহ সারা দেশে খুলেছে স্কুল-কলেজ

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২২ ইং
টানা এক মাস বন্ধ থাকার পর চুয়াডাঙ্গাসহ সারা দেশে খুলেছে স্কুল-কলেজ

সমীকরণ প্রতিবেদন:
দেশের মাধ্যমিক স্কুল, কলেজ ও সমপর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল সকাল থেকে খুলেছে। টানা এক মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান। করোনা পরিস্থিতি নিম্নমুখী হওয়ায় স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশ তৈরি হয় প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। গড়ে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী করোনা টিকার দুটি ডোজ নেওয়া ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিত থাকতে বলা হয়েছে।
চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয়। টানা এক মাস বন্ধ থাকায় প্রথম দিনের ক্লাসে পাঠ্য বইয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন শিক্ষকরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে পাঠগ্রহণের ক্ষেত্রে শর্ত আরোপ রয়েছে। যে শিক্ষার্থীরা করোনা প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে, শুধুমাত্র তারাই শ্রেণিকক্ষে উপস্থিত থেকে ক্লাস করতে পারবে। এক্ষেত্রে অন্য শিক্ষার্থীদের বাসায় থেকে অনলাইন ক্লাসে যুক্ত থাকতে হবে।
চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রাফি স্কুলের বারান্দায় পা রেখে খুশিতে ঝলমল করছিল। এই প্রতিবেদককে রাফি জানাল, ‘আমরা চাই নিয়মিত ক্লাস হোক। সরকার শর্ট সিলেবাস দিয়েছে সেগুলো সময়মতো সম্পন্ন করা হোক। তারপর পরীক্ষা হোক। বহুদিন পর স্কুল খোলার কারণে আজ আমাদের স্কুল প্রাণ ফিরে পেয়েছে। মনে হচ্ছে, আমি একটি উৎসবে যুক্ত হয়েছি।’
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া তাবাসসুম বলেন, ‘করোনাভাইরাসের জন্য অনেক দিন স্কুল বন্ধ ছিল। বহু প্রতীক্ষার পর আজ আমাদের স্কুল খুলেছে। এজন্য অনেক ভালো লাগছে। নিয়মিত ক্লাস করতে পারব ভেবেই ভালো লাগছে।’
চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্রী ফাতেমা খাতুন বলেন, ‘স্কুল খুলেছে। অনেক ভালো লাগছে। স্যার ও বন্ধুদের সঙ্গে দেখা হবে। খুবই ভালো লাগছে।’ চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ছাত্রী আফরিন বলেন, ‘মনে হচ্ছে জেলখানা থেকে ছাড়া পেলাম। ঘরবন্দি জীবন কষ্টের ছিল। আজ আবারও কলেজের চিরচেনা রূপ ফিরে পেয়েছি।’
চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক আতিকুর রহমান বলেন, ‘দেড় বছর পর আমাদের কলেজ প্রাণ ফিরে পেয়েছে। কলেজ বন্ধ থাকায় আমরা অলস সময় পার করেছি। এখন আবার ব্যস্ততা বেড়েছে। খুব ভালো লাগছে।’
চুয়াডাঙ্গা আদর্শ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর হোসেন বলেন, ‘আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুল খুলেছি। আগে থেকেই আমাদের সকল প্রস্ততি ছিল। আজ শিক্ষার্থীদের পদচারণায় স্কুলের প্রাণ ফিরেছে। স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে প্রবেশ করানো হয়েছে। স্কুলে উৎসবের আমেজ বইছে। খুব ভালো লাগছে।’
উল্লেখ্য, সারাদেশে ওমিক্রনসহ করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের মুখে গত ২১ জানুয়ারি দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। গতকাল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ২ মার্চ। এছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরা কবে ক্লাসে ফিরতে পারবে, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এদিকে করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর তা কীভাবে চলবে, এ বিষয়ে ২০ দফার গাইডলাইন দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত রোববার (২০ ফেব্রুয়ারি) মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এসব নির্দেশনা দিয়ে একটি আদেশ জারি করেন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পূর্বের গাইডলাইনও অনুসরণ করতে হবে। এর ওপর নতুন করে আরও ২০ দফা নির্দেশনা দিয়েছে মাউশি। করোনার ঊর্ধ্বমুখী প্রার্দুভাব মোকাবিলায় গত ১০ জানুয়ারি সারাদেশে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়। নতুন বছরের প্রথম ওই বিধিনিষেধে ১১টি নির্দেশনা দেওয়া হয়েছিল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী