জীবননগর অফিস:
জীবননগর বাজার কমিটির নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা জমে উঠেছে। গত কয়েকদিন যাবৎ জীবননগর শহরের প্রধান প্রধান সড়কে জীবননগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পদের প্রার্থীদের পক্ষে ব্যবসায়ীরা গণসংযোগ করছেন।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ নানা জটিলতার কারণে জীবননগর বাজার কমিটির নির্বাচন বন্ধ ছিল। অবশেষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের একান্ত প্রচেষ্টায় এবং জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সহযোগিতায় একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে জীবননগর বাজারের ২ হাজার ১৬০ জন ব্যবসায়ীর ভোটার তালিকা তৈরি করা হয়।
এদিকে এখন পর্যন্ত নির্বাচনের তারিখ এবং দিনক্ষণ নির্ধারণ না হলেও প্রচার-প্রচারণায় থেমে নেই সম্ভাব্য প্রার্থীরা। ভোটের জন্য ছুটছেন ব্যবসায়ীদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা ধরণের প্রতিশ্রুতি। এ নির্বাচনে এ পর্যন্ত সভাপতি পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। তাঁরা হলেন- জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিন ও জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তাঁরা হলেন- জীবননগর বাজারের বলাকা লাইব্রেরির সত্ত্বাধিকারী মো. লিটন, জীবননগর পৌর যুবদল নেতা আনোয়ার হোসেন এবং সেলিম হোসেন। এছাড়াও বিভিন্ন পদে একাধিক প্রাথী প্রচার-প্রচারণা শুরু করেছেন।
সরেজমিনে ঘুরে প্রার্থীদের সরব প্রচারণা দেখা গেছে। চায়ের স্টল, হাট-বাজারে চলছে তুমুল গণসংযোগ। প্রার্থীরা শীতকে উপেক্ষা করে প্রচারণা চালাচ্ছেন। জীবননগর বাজার কমিটির সভাপতি প্রার্থী সাংবাদিক এম আর বাবু জীবননগর বাজারের বিভিন্ন স্থানে পথসভা, লিফলেট বিতরণ এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। থেমে নেই সাধারণ সম্পাদক প্রার্থী লিটন। তিনিও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম জানান, জীবননগর বাজার কমিটির ভোটার তালিকা করা হয়েছে। নির্বাচনের তারিখ এবং দিন এখনো নির্ধারণ করা হয়নি। তবে খুব শিগগিরই নির্বাচনের তারিখ ও দিন নির্ধারণ করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
সমীকরণ প্রতিবেদন