আকিমুল ইসলাম:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ আজ। সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুর ২টা থেকে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছেন কর্মকর্তারা। এর আগে শনিবার মধ্যরাতে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়।
এবারের তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শুকুর আলী নৌকা, স্বতন্ত্র প্রার্থী বহিস্কৃত আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান টিপু আনারস, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন ঘোড়া ও ইসলামী আন্দোলনের আব্দুর রাজ্জাক হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এদিকে, বিধি অনুযায়ী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সবধরনের ইঞ্জিনচালিত যানবাহন (মোটরসাইকেল, বেবি ট্যাক্সি, মাইক্রোবাস, জিপ, ট্রাক, পিকআপ) চলাচল বন্ধ থাকবে।
তবে, নির্বাচন কমিশন কর্মকর্তা, ভোটগ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি, মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার গাড়ি, বন্দর ও জরুরি পণ্য পরিবহনের গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া প্রার্থী ও তার এজেন্টদের গাড়ি, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষকদের গাড়ি, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ, গ্যাস, টেলিযোগাযোগ ও ডাকের গাড়ির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জরুরি প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে অন্য কারো গাড়িও চলতে পারবে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান বলেন, ‘আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকভাবে সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে শনিবার দিবাগত রাত ১২টা থেকে।
চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে। রোববার কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। নির্বাচনের দিন প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন।
তিতুদহ ইউনিয়ন নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে:
তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৭৪ জন। চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬৫১ জন, গিরিশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪১১ জন, ৬২ নং আড়িয়াসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২৪১ জন, ছোটশলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫৬৫ জন, বলদিয়া সিদ্দিকিয়া নুরানী ও হাফিজিয়া লিল্লাহ বোডিং কেন্দ্রে ১ হাজার ৫১৩ জন, আরাফাত হোসেন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২০৪ জন, বড়শলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৯৯৪ জন, বড়শলুয়া উত্তর পাড়া কেন্দ্রের ১ হাজার ৫৪৮ জন, হুলিয়ামারী হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ হাজার ৩২৪ জন ও তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬২৩ জন ভোটার অংশগ্রহণ করবে। ইউনিয়নে মোট পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন ও মহিলা ভোটার রয়েছে ৭ হাজার ৯১৪ জন।
সমীকরণ প্রতিবেদন