সমীকরণ প্রতিবেদক:
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা পালিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলিত করার মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। চুয়াডাঙ্গা শহরের বড় বাজার দুর্গা মন্দিরে আয়োজিত চুয়াডাঙ্গা পূজা রকার্স এর উদ্যোগে শ্রী শ্রী সরস্বতী পূজার এ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মের লোকজন স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। চুয়াডাঙ্গাতেও বিভিন্ন ধর্মের লোকজনের মধ্যেও সম্প্রীতির বন্ধন রয়েছে। সবাইকে একসাথে থেকে দেশ ও দশের উন্নয়নে কাজ করতে হবে। তবেই আমরা স্বার্থক হবো।’
এছাড়া প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, বড় বাজার দূর্গা মন্দিরের সভাপতি রবি, শ্যামল ও শিক্ষার্থী জয়িতা প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন