দামুড়হুদায় দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
১৩-০৪-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আলোমতিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দামুড়হুদা উপজেলার চিৎলা নতুনপাড়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় পালিয়ে যান আলোমতির ছেলে রিপন আলী মণ্ডল (২৫)। গ্রেপ্তারকৃত আলোমতি ওই এলাকার কিতাব আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে আলোমতির বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। অভিযানের বিষয়টি টের পেয়ে আলোমতির ছেলে রিপন আলী মণ্ডল পালিয়ে যান। আলোমতির স্বীকারোক্তিতে তাঁর ঘর তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আলোমতিকে মাদক মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। পলাতক রিপনের নামেও একটি মাদক মামলা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ।
কমেন্ট বক্স