দামুড়হুদায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- আপলোড তারিখঃ
১৩-০৪-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় সাপের কামড়ে আতিকুর রহমান (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকার সোমবার সকাল সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আতিকুর রহমান দামুড়হুদা উপজেলার রামনগর ক্লাবপাড়ার আনারুল ইসলামের ছেলে।
জানা যায়, গত রোববার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন আতিকুর রহমান। রাত ৩টার দিকে একটি বিষধর সাপ তাঁর হাতে কামড় দেয়। সাপের কামড়ে আতিকুরের ঘুম ভেঙে গেলে ব্যথায় সে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে আসে। এসময় তাঁর হাতে সাপে কামড় দিয়েছে জানতে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ সারারাত ঝাড়ফুকে বিষ নিষ্ক্রিয় করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সকালে হাল ছেড়ে দেয়। এসময় পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন এবং চিকিৎসা ব্যবস্থাপত্রের মাধ্যমে তাঁর শরীরে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম স্নেক ইনজেকশন) পুস করার নির্দেশ দেন। সকালেই তাঁর শরীরে ১০টি অ্যান্টিভেনম স্নেক ইনজেকশন পুষ করার পরেও সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া শারমিন বলেন, সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা এক রোগীকে হাসপাতালে নেয়। পরিবারের সদস্যদের থেকে জানতে পারি হাসপাতালে নেওয়ার ৫ ঘণ্টা পূর্বে তাঁকে সাপে কামরেছে। রোগীর শরীরে প্রয়োজনীয় অ্যান্টিভেনম ইনজেকশন পুষ করার পরেও তার মৃত্যু হয়েছে। সঠিক সময়ে তাঁকে হাসপাতালে নিলে রোগীকে হয়তো বাঁচানো সম্ভব হতো।
কমেন্ট বক্স