সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাটি ধ্বসে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২১ ইং
মাটি ধ্বসে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
মেহেরপুরে নির্মাণকাজ করার সময় দুর্ঘটনা, আহত ৪ প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেনারেল হাসপাতাল রোডে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের মাটি ধ্বসে জাহিদুল হক ভনো (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল হক ভনো মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের রহমতউল্লার ছেলে। আহতরা হলেন- মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মালোপাড়ার হজ্ব মালিথার ছেলে মোমিনুল ইসলাম (৩৫), একই গ্রামের ঘাটপাড়ার ফজর আলীর ছেলে যাদু (৪৫), খানপুরের আশরাফ আলীর ছেলে আজমত (৫৫) ও ফজর মোল্লার ছেলে ফজুল (৪৪)। মেহেরপুর ফায়ার সার্ভিসের তিনটি টিম সেখানে এসে প্রায় ঘণ্টাখানেক উদ্ধার কাজ পরিচালনা করে আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, আহতদের মধ্যে মোমিনুলের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী জানান, মেহেরপুর জেনারেল হাসপাতাল রোডে জার্মান সিটি গার্ডেনে জুবায়দা গুলশানারার নির্মাণাধীন জায়গায় আগে পুকুর ছিল। সেটা ভরাট করে বাড়ি নির্মাণ করা হচ্ছিল। সেখানে গত ১১ দিন ধরে ৩০ ফুট গভীর সেপটিক ট্যাংকের কাজ চলছিল। এলাকাবাসীর দাবি, তাঁরা বারবার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে খনন কাজের জন্য তাগিদা দেন। কিন্তু তিনি কোনো কথা শোনেননি। গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ গভীর এ গর্ত ধ্বসে ৫ জন শ্রমিক মাটি চাপা পড়েন। আহত অবস্থায় উদ্ধার হওয়া শ্রমিকের মধ্যে আজমত আলী বলেন, ‘মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস)-এর পরিচালকের নির্মাণাধীন বাড়িতে সেপটিক ট্যাংক খনন করছিলাম। এসময় হঠাৎ করে মাটি ধ্বসে পড়ে। পরে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমাদের উদ্ধার করে।’ এবিষয়ে জমির মালিক জুবায়দা গুলশান আরার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জুবায়দার বাবা ডিবিএস-এর পরিচালক আবু জাফর সাংবাদিকদের বলেন, ‘মেহেরপুর পৌরসভার অনুমতি নিয়ে যথাযথ নিয়ম মেনে কাজ করা হচ্ছে। তবে এ জায়গার মালিক আমার মেয়ে জুবায়দা গুলশানারা, তাই আমি সেভাবে কিছু বলতে পারব না।’ জুবায়দা গুলশানারার মোবাইল নম্বর চাইলে তিনি বলেন, ‘আমার কাছে এই মুহূর্তে তাঁর মোবাইল নম্বর নেই। মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ‘খবর পেয়ে আমাদের তিনটি টিম উদ্ধার কাজ পরিচালনা করে আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মূলত কোনো প্রকার প্রটেকশন ছাড়া এ খনন কাজ পরিচালনার ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটে। এখানকার বেলাতেও তাই হয়েছে। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেরপুর পৌর মেয়র মো. মাহফুজুর রহমান রিটন ও জেলা পুলিশের একটি দল। ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড