সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খেত মালিকের পিটুনিতে কৃষক নিহত

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২১ ইং
খেত মালিকের পিটুনিতে কৃষক নিহত
আলমডাঙ্গায় কচুখেত দিয়ে যাওয়া নিয়ে কথা কাটাকাটি আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় কচুখেত দিয়ে যাওয়াকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন গ্যাদা (৫০) উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত রবজেল আলীর ছেলে। সন্ধ্যা ৭টার দিকে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। প্রত্যাক্ষদর্শীরা জানান, বিকেলে কৃষক আনোয়ার হোসেনের স্ত্রী শাহানারা খাতুন একটি ছাগল নিয়ে গ্রামের নূর ইসলামের ছেলে রনির কচুখেতের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে খেতমালিক রনির সঙ্গে শাহানারা খাতুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যুবক রনি ক্ষুব্ধ হয়ে শাহানারাকে মারধর করেন। খবর পেয়ে কৃষক আনোয়ার হোসেন ছুটে এলে তাঁকেও বেধড়ক পেটান এবং একটি গাছের সঙ্গে ধাক্কা মারেন। এ সময় আনোয়ার হোসেন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ার হোসেনের স্ত্রী শাহানারা খাতুন অভিযোগ করে বলেন, ‘রনি আমার স্বামীকে লাঠি দিয়ে বেধড়ক পেটান এবং গাছের সাথে মেরে মাথা থেঁতলে দেন।’ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রনি পলাতক রয়েছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড