আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা
- আপলোড তারিখঃ
১৪-০৩-২০২১
ইং
মেহেরপুরে শেষ হলো তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা
প্রতিবেদক, মেহেরপুর :
মেহেরপুরে লাখো মুসলীøর আমিন ধ্বনিতে মুখরিত হয়ে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। গতকাল শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এই ইজতেমা শেষ হয়। ঢাকা থেকে আগত মওলানা মুফতি মোশাররফ হোসেন আখেরি মোনাজাত পরিচালনা করেন। এছাড়াও ইজতেমায় বয়ান করেন ভারত থেকে আগত মওলানা মুফতি কেফায়েত উল্লাহ। মেহেরপুর ছাড়াও পাশ্ববর্তী চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার-হাজার মুসল্লীর আমিন ধ্বনিতে মূখরিত হয়ে উঠে ইজতেমা ময়দান। ইজতেমাস্থল সংলগ্ন বাড়ীগুলোতে কয়েক হাজার মা-বোন এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে। মোনাজাতে অংশ নিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সকাল থেকে পায়ে হেটে কেউবা গাড়ীতে করে ইজতেমাস্থলে আসেন এবং বেলা ১১টার আগেই ইজতেমা ময়দান কানায় কানায় ভরে উঠে। ইজতেমাস্থলে পৌছাতে না পেরে হাজার হাজার মুসল্লী মহাসড়কে এবং আশেপাশের রাস্তায় অবস্থান নিয়ে আখেরি মোনাজাতে অংশ নিতে দেখা যায়। মুসল্লীরা চোখের পানি ফেলে খাসদীলে আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আখেরি মোনাজাতে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সারাবিশ্বে বৈশ্বিক করোনা মহামারী থেকে মুক্তি, সমৃদ্ধি ও রহমত কামনা করা হয়। ইজতেমায় তাওহীদ, রিসালত, দাওয়াত, সালাত ও জিকিরসহ ইসলামের বিভিন্ন বিষয়ে তিনদিন ধরে বয়ান করেন তাবলীগ মুরুব্বীরা। পুরো তিনদিনে ইজতেমাস্থলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগত মুসল্লীরা পুলিশ প্রশাসন, মেহেরপুর পৌরসভাসহ আয়োজক কমিটিকে সুন্দর একটি ইজতেমা পরিচালনার জন্য আন্তরিক অভিবাদন জানায়। মেহেরপুর শহরের আঞ্চলিক এই ইজতেমা ময়দানে নিছিদ্র নিরাপত্তা বলয় তৈরী করে সাধারণ মুসল্লীসহ ইজতেমাস্থলের নিরাপত্তা নিশ্চিত করে রেখেছিলো পুলিশ প্রশাসন।
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া ইজতেমা মাঠে ল্যাট্রিন, পানির হাউজ, টিউবওয়েল, মাইক, পর্যবেক্ষন কেন্দ্র, পুরো ময়দানজুড়ে পুলিশ সদস্যকে পালাক্রমে সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করতে দেখা গেছে এবং পুরো মাঠের সরঞ্জামাদি স্থানান্তরিত না করা পর্যন্ত পুলিশী টহল অব্যাহত থাকবে বলেও জানা গেছে।
কমেন্ট বক্স