সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এবার ভোটই গায়েব!

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০২১ ইং
এবার ভোটই গায়েব!
ঝিনাইদহ অফিস: ভোট মানেই উৎসব। ভোট মানেই শ্রমিকদের মধ্যে নেতৃত্বের সেতুবন্ধন। আর ভোট মানেই পোস্টারে পোস্টারে ছেয়ে যাওয়া নির্বাচনী পরিবেশ। কিন্তু ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল (মোচিক) শ্রমিক ইউনিয়ন নির্বাচনে এমন পরিবেশ ছিল না। কোনো ভোট হয়নি। বাজেনি কোনো ভোটের হুইসেল। ১৩টি পদে সবাই গোপনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। শ্রমিকরা পাননি ভোটের তফসিল। মনোনয়নপত্র বিক্রি থেকে শুরু করে ভোটের সব প্রক্রিয়া হয়েছে অত্যান্ত গোপনে। এমনকি সংগঠনটির গঠনতন্ত্রে নির্বাচন প্রক্রিয়া শ্রম অধিদপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়ার সুষ্পষ্ট বিধান থাকলেও সেটাও করা হয়নি। সাধারণ শ্রমিকরা বলছেন, কখন তফসিল ঘোষণা, কখন ভোটার তালিকা প্রকাশ আবার কখন ভোট হয়ে গেল তারা কিছুই জানতে পারেননি। তাঁদের ভাষ্য গোটা ভোট প্রক্রিয়া গায়েব হয়ে গেছে। কালীগঞ্জ উপজেলায় ১৯৬৫ সাল প্রতিষ্ঠা করা হয় মোবারকগঞ্জ চিনিকল। আর শ্রমিকদের প্রয়োজনে ১৯৭৪ সালে গঠিত হয় মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নামের শ্রমিক ইউনিয়ন। ইতোপূর্বে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ ছিল ২৫ সদস্য, বর্তমানে ১৩ সদস্যের। দুই বছর পর ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের আইন রয়েছে। ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে সভাপতির পদসহ ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শ্রমিক নেতারা জানান, গত ১৮ ফেব্রুয়ারি আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়া থেকে পাঠানো এক চিঠি দেখে তাঁরা হতাশ হয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে- মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন-২০২১ এর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী ফলাফল ও ভোটার তালিকা অত্র দপ্তরে জমা দেওয়া হয়েছে। যার কিছুই তাঁরা জানেন না। গোপন নির্বাচনের কাগজপত্র ঘেটে দেখা গেছে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। যেখানে ৭ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ ও পদভিত্তিক প্রতীক প্রকাশ, একই দিন সকাল ১০টা থেকে ৯ ফেব্রুয়ারি বেলা ৩টা পর্যন্ত ভোটার সংশোধনী আবেদন গ্রহণ, ১১ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, একই দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয়, একই সাথে ওই দিনই সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, যাচাই-বাছাই শেষে ওই দিনই বিকেল ৫টায় পদভিত্তিক প্রার্থী তালিকা প্রকাশ, ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার, ১৩ ফেব্রুয়ারি পদভিত্তিক প্রতীকসহ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা হতে টানা বিকেল ৪টা পর্যন্ত মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ, ভোট গ্রহণ শেষে ওই দিনই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা। ঘোষিত তফসিলে আরও দেখা যায়, মোচিক শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের কার্যকরী পরিষদের ২ ফেব্রুয়ারি তারিখে মোচিক/ শ্রঃইউঃ/২০২১-২২/০২ স্মারকে চিঠি ও গঠনতন্ত্র মোতাবেক সোহেল আহম্মেদকে আহ্বায়ক, রফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক, মনিরুজ্জামান, আবুল হোসেন ও কবির আলমকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ৩ ফেব্রুয়ারি অস্থায়ী নির্বাচনী কার্যালয় (মোচিক সাধারণ ক্লাব অফিস) সভা করে এই তফসিল ঘোষণা করা হয়। সভায় নির্বাচনের বিষয়ে সার্কুলার করার জন্য মোচিকের সকল নোটিশ বোর্ড, ক্যান্টিন, নির্বাচনের অস্থায়ী কার্যালয়ের নোটিশ বোর্ডে সাটানোসহ প্রয়োজনে অনান্য মাধ্যমেও প্রচারের ব্যবস্তা গ্রহণের সিদ্ধান্ত হয়। নির্বাচনে যাঁদের বিজয়ী ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন- সভাপতি পদে মো. গোলাম রসুল, সহসভাপতি পদে ফজের আলী, সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম-৩, সহ-সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে ফিরোজ আহমেদ, কোষাধ্যক্ষ পদে মো. মশিয়ার রহমান, দপ্তর সম্পাদক পদে সায়েম বিশ^াস, প্রশাসন ও হিসাব বিভাগের কার্যনির্বাহী সদস্য সাইদুর রহমান (পিকু), ইক্ষু বিভাগে মহিউদ্দীন-২, সালমা খাতুন, পরিবহন বিভাগে নজরুল ইসলাম-৩ এবং কারখানা বিভাগের সদস্য রবিউল ইসলাম ও আক্তারুজ্জামান। শ্রমিক নেতারা জানান, বর্তমান পরিষদের ইক্ষু বিভাগের সদস্য আনসার আলী চাকরি থেকে সদ্য অবসরে যাওয়ায় ওই স্থানে মোছা. সালমা খাতুনের নাম দেওয়া হয়েছে। বাকি সবগুলো পদেই পুরাতনরা বহাল রয়েছেন। এ ব্যাপারে কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম জানান, একটি ফলাফল তাঁদের কাছে জমা দেওয়া হয়েছে। যেটা সঠিক নিয়মে না হওয়ায় তাঁরা গ্রহণ করেননি। এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সোহেল আহম্মেদ জানান, তাঁরা ভোটের কোনো ফলাফল জমা দেননি। তিনি এখনও দায়িত্ব নেননি। বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, চিনিকল বাঁচানোর স্বার্থে পুরাতন কমিটি আবারও থেকে যাক এটা শ্রমিকরা চান। যে কারণে ভোট না করার কথা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড