ঝিনাইদহে ভাতিজার হাতে চাচা খুন
- আপলোড তারিখঃ
১০-০৩-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা ওসমান আলী (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওসমান আলী আলমপুর ব্রিজঘাট এলাকার কুলবাগানপাড়ার মৃত আজির বক্সের ছেলে। এসময় একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মকসেদ আলী ও রমজান আলী, আলমগীর হোসেনের স্ত্রী, আজিজ বক্সের ছেলে খাদেম আলী ও হারুন মিয়ার স্ত্রী ইতি খাতুন আহত হন। এদের মধ্যে তিনজনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মকসেদ আলী ও রমজান আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান জানান, আজ (গতকাল মঙ্গলবার) দুপুরের দিকে ছোট ভাই আলমগীরের সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে তাদের মধ্যে মারামারি সৃষ্টি হয় এবং আয়নাল হোসেন দা দিয়ে তাঁর চাচা ওসমান আলীকে মাথায় কোপ মেরে জখম করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়রা জানান, ‘জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই আলমগীর হোসেনের ছেলে আয়নাল হোসেনের দায়ের কোপে তাঁর চাচার মৃত্যু হয়।’
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে আয়নাল হোসেন তাঁর চাচা ওসমান আলীকে কুপিয়ে হত্যা করেছেন। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
কমেন্ট বক্স