ঝুঁকি জেনেও ভাঙা ব্রিজ দিয়ে পারপার!
- আপলোড তারিখঃ
১০-০৩-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগর পৌরসভার লক্ষীপুরে নির্মিত লোহার ব্রিজের বেশির ভাগ অংশই ভেঙে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে দুই গ্রামের বাসিন্দারের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই ব্রিজ দিয়ে পারাপার হতে হচ্ছে। যাত্রী বোঝাই করে পারাপার হচ্ছে সিএনজিচালিত অটোরিকশাও। এতে করে যেকোনো মুহূর্তে ব্রিজটি ধসে পড়ে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
জানা যায়, ১৯৪৮ সালে জীবননগর এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার জন্য লক্ষীপুরে ব্রিজটি নির্মাণ করা হয়। পুরোনো এই ব্রিজটি নড়বড়ে হয়ে পড়েছে বছর পাঁচেক আগে। এরপরও ব্রিজটি সংস্কার করা হয়নি। ব্রিজটির প্রতিটি পিলার নষ্ট হয়ে গেছে, ফাটল ধরেছে ব্রিজটির বেশ কিছু স্থানে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন জীবননগর পৌরসভার লক্ষীপুর, পেঁয়ারাতলা, মনোহরপুরসহ বেশ কয়েকটি গ্রামের লোকজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরাও চলাচল করে।
এই রাস্তায় চলাচলকারী অটোরিকশা চালক আব্দুস সাত্তার বলেন, লক্ষীপুর লোহার ব্রিজটি দীর্ঘদিন কোনো সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়ে আছে। ব্রিজটি সংস্কার করা না হলে যেকোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই কর্তৃপক্ষ দ্রুত ব্রিজটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করি।
জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন খোকন বলেন, ঝুকিপূর্ণ এই ব্রিজটি যেন দ্রুত সংস্কার করা হয়, সে বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলা হবে।
কমেন্ট বক্স