দর্শনায় গাঁজা চুরির অপবাদ, কৃষকের আত্মহত্যা
- আপলোড তারিখঃ
২০-০২-২০২১
ইং
দর্শনা অফিস:
দর্শনা ঝাঁঝাঁডাঙা গ্রামে মধ্যবয়সী এক কৃষক আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে গ্রামের মাঠে বিষপান করলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে গতকাল শুক্রবার ভোরের দিকে ওই কৃষকের মৃত্যু হয়। ওই কৃষকের স্ত্রী সাবিনা বেগম দাবি করছেন, গাঁজা চুরির অপবাদ সইতে না পেরে তাঁর স্বামী আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারী ওই কৃষক পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের করিম মণ্ডলের ছেলে আশরাফ আলী (৪০)। গতকাল ময়নাতদন্ত শেষে আসরের নামাজের পর জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
মৃত আশরাফ আলীর স্ত্রী সাবিনা বেগম জানান, ‘গ্রামের এক দল গাঁজা ব্যবসায়ী আমার স্বামীকে বেশ কিছুদিন আগে থেকে তাদের সাথে গাঁজা ব্যবসার কথা বলে আসছিল। কিন্তু আমার স্বামী তাদের কথায় রাজি না হলে বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকিসহ পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দিয়ে আসছিল। এ ধরনের হুমকি-ধামকির কারণে আমার স্বামী রাতে বাড়িতেও থাকত না। এরই মধ্যে গত সোমবার সীমান্ত থেকে আমার স্বামী আধামন গাঁজা চুরি করে নিয়ে পালিয়েছে এমন অপবাদ দেয় তারা। ওই গাঁজা ব্যবসায়ীরা আমার স্বামীকে বাড়িতে খুঁজতে এসে বিভিন্নভাবে আমাদের হুমকি ও অত্যাচার করে। পরে চুরির অপবাদ, পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর ভয়সহ গাঁজা ব্যবসায়ীদের নানা হুমকি-ধামকিতে বৃহস্পতিবার বিকেলে আমার স্বামী আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’
এদিকে স্থানীয় একটি সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী আশরাফ আলী স্থানীয় প্রভাবশালী গাঁজা ব্যবসায়ীদের হুমকি-ধামকিতে ও মোটা অংকের টাকার লোভে অনেক সময় গাঁজার চালান বহনকারী হিসেবে কাজ করতেন। তবে বেশ কিছুদিন আগে থেকে তিনি এ অবৈধ পথ ছেড়ে দিয়েছেন বলেও অনেকে জানান।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ মাহবুবুর রহমান জানান, এ ধরনের আত্মহত্যার একটি ঘটনা শুনেছি। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স