মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে দুজনের কারাদণ্ড
- আপলোড তারিখঃ
১৭-০২-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে বেলাল হোসেন ও জাহিদুল ইসলাম নামের দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বেলাল হোসেনকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহীন রেজা এ রায় দেন। সাজাপ্রাপ্ত বেলাল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের লাল মোহাম্মদের ছেলে। ২০১৩ সালে মেহেরপুরের গাংনী থানার পুলিশ গাঁজাসহ বেলাল হোসেনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) টেবিলের ৭(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। যার জিআর কেস নম্বর ২৩৪/১৩। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে আসামি বেলাল হোসেন দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে এ শাস্তি দেন।
অপর দিকে, গাঁজা রাখার অপরাধে জাহিদুল ইসলামকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ১৫০০ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল দুপুরের দিকে মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক বেগম রাফিয়া সুলতানা এ রায় দেন। সাজাপ্রাপ্ত জাহিদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের ফজর আলীর ছেলে।
জানা যায়, ২০১৫ সালে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর ক্যাম্পের পুলিশ গাঁজাসহ জাহিদুলকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) টেবিলের ৭(ক)ও ১৯এর (৪) ধারা একটি মামলা দায়ের করেন। যার জিআর কেস নম্বর ৮৩/১৫। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষীতে আসামি জাহিদুল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে এ দণ্ড দেন।
কমেন্ট বক্স