চুয়াডাঙ্গায় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’র আনুষ্ঠানিক উদ্বোধনকালে বক্তারা
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় র্যালি, আলোচনা সভা ও কেক কেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় নিউজ পোর্টালটির। শুরুতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ঢাকা পোস্ট’র চুয়াডাঙ্গা প্রতিনিধি আফজালুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান যুগ মিডিয়ার যুগ। এ সময়ে অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে মানুষ তাৎক্ষণিক সংবাদ জানতে পারছেন। সে ধারাবাহিকতায় ‘ঢাকা পোস্ট’ নিজেদের স্বকীয়তার মাধ্যমে পাঠকপ্রিয়তা অর্জন করবে বলে আমি বিশ^াস করি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাজিদ হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি ও স্থানীয় দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি।

বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন বলেন, বর্তমান আকাশ সংস্কৃতির সময়ে সাংবাদিকতায় বড় চ্যালেঞ্জ হয়েছে দ্রুততম সময়ে সঠিক সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ‘ঢাকা পোস্ট’ সে চ্যালেঞ্জে সফল হলেই মিডিয়া জগতে গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারবে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি বলেন, ‘ঢাকা পোস্ট’ তাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে যাকে নির্বাচিত করেছে, তিনি সাংবাদিকতায় নবীন হলেও বেশ সক্রিয়। এ কারণে চুয়াডাঙ্গাবাসীর প্রত্যাশা তিনি ‘ঢাকা পোস্টে’ চুয়াডাঙ্গার মুখপাত্র হিসেবে জেলার সমস্যা ও সম্ভাবনার কথা দেশবাসীর কাছে পৌঁছে দেবেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ইসলাম রকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন একাত্তর টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম এ মামুন, স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিক ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জামান আখতার।
আলোচনা সভা শেষে আগত অতিথিরা কেক কেটে ‘ঢাকা পোস্ট’-এর আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন গাজী টিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, বিজয় টিভির জেলা প্রতিনিধি পলাশ উদ্দীন আহমেদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।