মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা ও জীবননগর পৌর নির্বাচন : ভোট কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি!

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০২১ ইং
আলমডাঙ্গা ও জীবননগর পৌর নির্বাচন : ভোট কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি!
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা ও জীবননগর পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকেই শীত উপেক্ষা করে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রেই পুরুষ ভোটারদের চাইতে নারী ভোটারদের সংখ্যা বেশি ছিল। বরাবরের মতো সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে বুথে ঢোকার অপেক্ষামান দৃশ্য চোখে পড়ে। কিছুটা ধীরগতিতে ভোট গ্রহণ হওয়ার সুযোগে নারী লাইনে নানান গল্পের চুটকি সুর ভেসে আসে কানে। এগিয়ে যেতেই চোখে পড়ে সবাই দাঁড়িয়ে আছেন একে অপরে গা-ঘেঁষে। মাস্ক নেই অধিকাংশ ভোটারের মুখে। হাতে গোনা কয়েকজন মাস্ক পরলেও তাঁদের সঙ্গে কথা বলতেই ‘চক্ষু চড়ক গাছ!’। আলিয়া খাতুন নামে এক গৃহিনী ভোট দিতে এসেছেন। শত শত ভোটারের মধ্যে তাঁর মুখে মাস্ক থাকায় আগ্রহ নিয়ে জানতে চাওয়া হয়, ‘অধিকাংশ ভোটারই তো মাস্ক পরেননি, আপনি মাস্ক পরেছেন। বেশ সচেতন মানুষ’ উত্তরে জানা গেল, তিনি মূলত মাস্ক পরেছেন নাক-মুখের উপরে উড়ে পড়া ধুলাবালি থেকে নিজেকে বাঁচাতে। তিনি বলেন, ‘ভোটের মাঠে মেলা মানুষ আসে। আর শিতির সুমায় প্রচুর ধুলোবালি ওড়ে। তাই নাক মুক ঢেকে রাখায় ভালো।’ এমন দৃশ্য দেখা যায় দুটি পৌর শহরেরই বাইরের তথা গ্রামীণ কেন্দ্রগুলোতে। এছাড়া শহরের কেন্দ্রগুলোতে ভোটাররা মাস্ক পরলেও মানা হয়নি সামাজিক দূরত্ব। এতে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে মনে করছেন অনেকে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র সরেজমিন ঘুরে মাস্ক পরা, সামজিক দূরত্ব মানা-না মানার চিত্র দেখা যায়। আলমডাঙ্গার এরশাদপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মতিয়ার রহমান নামের এক ভোটার বলেন, ২য় দফায় করোনা আঘাত হানতে শুরু করেছে।’ ভোট কেন্দ্রে অনেকে মাস্ক পরলেও লাইনগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মনে করেন তিনি। তিনি বলেন, টিকা দেওয়া শুরু হয়েছে, তারপরও আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। এদিকে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে থাকায় স্বাস্থ্যবিধির কথা যেন ভুলেই গিয়েছিলেন দাবি সচেতন নাগরিকদের। তবে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, এজেন্ট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে দেখা গেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ