বেতার যাপিত জীবনের কথা বলে
- আপলোড তারিখঃ
১৪-০২-২০২১
ইং
উথলীতে বিশ্ব বেতার দিবসের আলোচনায় নাজমুল হক স্বপন
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেছেন, ‘রেডিও’র ভূমিকা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দিনভর বললেও শেষ হবে না। যদি মুক্তিযুদ্ধের কথায় বলি, তাহলে মুক্তিযুদ্ধে রেডিও’র ভূমিকা বলে শেষ করা যাবে না। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আকাশ বাণীর কথা বা রেডিও নিয়ে যেটাই বলি কি না, সবগুলোর ভূমিকায় গুরুত্বপূর্ণ।’
গতকাল শনিবার জীবননগর উথলী বাজারে বিশ্ব রেডিও দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময়, আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে এসব কথা বলেন তিনি। ন্যাশনাল ফেডারেশন অব ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব, খুলনা বিভাগীয় কমিটি, ওয়ার্ল্ড ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, উথলী বাজার চুয়াডাঙ্গা ও সৌদি রেডিও ফ্যান ক্লাব, চুয়াডাঙ্গার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হক স্বপন আরও বলেন, যদি সহজে রেডিও শোনার ব্যবস্থা করা যায়, তাহলে আজকের বেতারের যে অবস্থান, সেই স্থান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। কমিউনিটি রেডিও-এর যে কনসেপ্ট, সেটা অনেকটা বাস্তবায়ন হয়েছে। কমিউনিটি রেডিও কনসেপ্ট জনপ্রিয়তা ফিরিয়ে আনতে পারবে।’ তিনি বলেন, বেতারে দায়বদ্ধতা রয়েছে দেশের প্রতি, জনগণের প্রতি, ইতিহাসের প্রতি। আজ ভাষার যে সঙ্কট চলছে, তার সমাধানে বেতারকে ভূমিকা রাখতে হবে। বেতার যাপিত জীবনের কথা বলে। বেতার শুধু শোনায় না, সে শুনেও।’
প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন নিজের বাল্যকালের সময়ের রেডিও নিয়ে স্মৃতিময় একটি উদাহরণ দিয়ে বলেন, ‘আমার মা-চাচীদের বিনোদনের একমাত্র মাধ্যম হিসেবে রেডিও ব্যবহার করতে দেখেছি। তখনকার দিনে সাহেব বলে একটা নাটক হতো। যেদিন নাটকটা শোনা যেত, সেদিন আম্মা সকল কাজ তাড়াতাড়ি শেষ করে আমাদের খাওয়া-দাওয়া করিয়ে দিয়ে নাটকটির জন্য অপেক্ষা করতেন। ছোট বেলায় আমরা দেখেছি, রেডিও কতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’ তিনি বলেন, ‘বিলুপ্তপ্রায় একটি মাধ্যমের জন্য ফ্যান ক্লাবের এই আয়োজন, এটা দেখে সত্যিই আমি অভিভূত হয়েছি। আজকের এই আয়োজন যারা করেছেন, তাঁরা অবশ্যই ভালো কিছু করছেন, তাঁদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি এবং সময়ের সমীকরণ সর্বদা আপনাদের ভালো কাজের সাথে থাকবে।’
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ন্যাশনাল ফেডারেশন অব ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব, খুলনা বিভাগীয় কমিটির সম্পাদক ও প্রবাহ অনলাইন ডট কমের প্রধান সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থী মুবতাসিম ফুয়াদ ফাহিমের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি বিএল কলেজ খুলনার প্রফেসর ও খুলনা বেতারের উপস্থাপক সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, রাজশাহী বেতারের উপস্থাপক সালাউদ্দীন ডলার, দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক হুসাইন মালিক, সহ-সম্পাদক সুমন পারভেজ, নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, জীবননগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দীন জোয়াদ, যুগ্ম সম্পাদক আকিমুল ইসলাম প্রমুখ।
কমেন্ট বক্স