মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্ট্যাম্প জালিয়াতি মামলায় গাংনীতে দুজন আটক

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২১ ইং
স্ট্যাম্প জালিয়াতি মামলায় গাংনীতে দুজন আটক
গাংনী অফিস: জমির দলিল লেখার সময় স্ট্যাম্প জালিয়াতির ঘটনায় গাংনীর আড়পাড়া গ্রামের শমসের আলী (৫৭) ও গাংনীর মুহুরী সহকারী নজরুল ইসলাম দোলুকে (৬০) গ্রেপ্তার করেছে গাংনী থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী থানার এসআই হাবিব ফোর্স নিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করেন। স্ট্যাম্প জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। শমসের আলীর বিরুদ্ধে নাশকতার মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। মামলার বাদী আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক জানান, শমসের আলীর কাছ থেকে একটি জমি ক্রয়ের জন্য তিন লাখ টাকা দেন তিনি। টাকা পরিশোধপূর্বক দলিল লিখে রেজিস্ট্রি করতে গেলে খারিজ না থাকায় রেজিস্ট্রি হয় না। এর পরের দিন রেজিস্ট্রি সম্পন্ন করার কথা বললেও শমসের আলী ঘোরাতে থাকেন। টাকাও ফেরত দেন না। একপর্যায়ে তিনি টাকা ফেরত দিতে অস্বীকার করলে আব্দুর রাজ্জাক গাংনী থানায় অভিযোগ করেন। থানায় বসার কথা বলে সময় নিয়ে তিনি আদালতে রাজ্জাকের নামে একটি মামলা করেন। এ প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, ‘দলিল রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ায় তা রয়ে যায় শমসের ও মুহুরী সহকারী দোলুর কাছে। ওই স্ট্যাস্পের দ্বিতীয় পৃষ্ঠা ফাঁকা ছিল, যা আমার জানা ছিল না। সেই পৃষ্ঠা নিয়ে একটি মিথ্যা ও ভুয়া চুক্তিনামা তৈরি করে শমসের আলী মামলাটি দায়ের করেছিল। আদালতে স্ট্যাম্প জাল প্রমাণ হওয়ায় মামলাটি খারিজ করে দেন আদালত। পরে ওই জাল স্ট্যাম্পের কাগজপত্র তুলে আমি শমসের, দোলু ও তাদের সহযোগী সিরাজুল ইসলামের নামে আদালতে একটি মামলা দায়ের করি। মামলাটি সিআইডি তদন্ত করে সত্যতা পাওয়ায় আদালতে চার্জশিট দেন। পরে আদালত তাদের তিনজনের নামে গ্রেপ্তারি সমন জারি করেন।’ গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে শমসের ও দোলুকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে। অপর পলাতক আসামি সিরাজুল ইসলামকেও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ