গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত
- আপলোড তারিখঃ
০৬-০২-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামে মালামাল কেনাবেচা নিয়ে দুই পক্ষের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে জুগিন্দা গ্রামে এ সংর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- জুগিন্দা গ্রামের মৃত মকরেম আলী শেখের তিন ছেলে তৌহিদুল ইসলাম (৩৮), আবু বক্কর (৩৭) ও তোফাজ্জল হোসেন (৫০) এবং তোফাজ্জেলের ছেলে দেলোয়ার হোসেন (২৫), একই গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আব্দুর রবের ছেলে সাইদুল ইসলাম (৩০) ও তাঁর ছোট ভাই সাজিদুল ইসলাম (২২), গোলাম রসুলের দুই ছেলে ফলেদ হোসেন (৩০) ও সহোদর আব্দুস সামাদ (৫০)।
আহত ফার্নিচার ব্যবসায়ী সাইদুল ইসলাম জানান, ‘কয়েকদিন পূর্বে দেলোয়ার হোসেন ৪ হাজার টাকা জমা দিয়ে আমার কাছ থেকে ১৬ হাজার টাকা মূল্যের ১টি খাট তৈরির বায়না দেয়। বৃহস্পতিবার বিকেলের দিকে ওই খাটের পুরো টাকা না দিয়ে দেলোয়ার খাট নিয়ে যেতে চাই। আমি খাট দিতে অপারগতা প্রকাশ করি। এসময় দেলোয়ার ক্ষিপ্ত হয়ে বায়না দেওয়া টাকা ফেরত চাই। তাৎক্ষণিকভাবে আমি টাকা ফেরত দিই। তারপরও দেলোয়ার ও তাঁর লোকজন আমাকেসহ আমার লোকজনের ওপর হামলা করে। পরে আমার পরিবারের লোকজন খবর পেয়ে তাদের প্রতিবাদ করে।’
অন্যদিকে আহত আবু বক্করের পারিবারিক সূত্র জানায়, ফার্নিচার ব্যবসায়ী সাইদুল ইসলামের কাছে দেলোয়ার অগ্রীম বায়না দিয়ে খাট তৈরি করতে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আবারও কিছু টাকা দিয়ে খাট নিতে গেলে সাইদুল খাট দেবে না বলে জানায়। এসময় দেলোয়ার টাকা ফেরত চাইতে গেলে সাইদুলের লোকজন ক্ষিপ্ত হয়ে দেলোয়ার ও তার লোকজনকে হামলা করে জখম করে।’
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, মারামারির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
কমেন্ট বক্স