ঘুগুপোতার মাঠে যুবলীগ নেতাকে হত্যার চেষ্টা!
- আপলোড তারিখঃ
০৩-০২-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার সীমানা সংলগ্ন গোবিন্দপুর ও ভুলটিয়া এলাকার ঘুগুপোতার মাঠে মিলন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। আহত নেতা মিলন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে।
মিলনের স্ত্রী খাদিজা আক্তার স্মৃতি জানান, মঙ্গলবার দুপুরে ঘুগুপোতার মাঠে নিজের জমিতে পুকুর কাটার কাজ তদারকি করছিলেন তাঁর স্বামী। এ সময় পূর্বশত্রুতার জের ধরে জীবনা গ্রামের মৃত মনু বিশ্বাসের ছেলে মোমিন ও ডাবলু, মণ্টু বিশ্বাসের ছেলে মাসুদ, রেজাউল মণ্ডলের ছেলে কালু মণ্ডল, মোমিন বিশ্বাসের ছেলে মানিক, মৃত শুকুর বিশ্বাসের ছেলে শওকত ও ডালু এবং মৃত তুফোন বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম রাম দা ও লাঠিসোটা নিয়ে তাঁর স্বামীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে ফেলে রেখে যান। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা মিলনের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেলে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন।
চিকিৎসাধীন মিলন বিশ্বাস অভিযোগ করেন, ‘এলাকায় মাছচাষ ও বিল ইজারা নিয়ে হামলাকারীরা আগে থেকেই আমার ওপর ক্ষুদ্ধ ছিল। সেই জের ধরে মঙ্গলবার তারা আমাকে হত্যার চেষ্টা চালায়। মিলনের মাথায় আটটি সেলাই দিতে হয়েছে। এছাড়া তার হাত ও পা প্রাথমিকভাবে অকেজো হয়ে আছে।’
এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, ‘উভয়পক্ষ থেকে থানায় অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। তিনি বলেন, মিলন আহত হওয়ার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। জীবনা গ্রামে পুলিশ টহল জোরদার করা হয়েছে।’
কমেন্ট বক্স