মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝাড়ুদারের পকেটে মিলল ৭৪ হাজার টাকা

  • আপলোড তারিখঃ ০২-০২-২০২১ ইং
ঝাড়ুদারের পকেটে মিলল ৭৪ হাজার টাকা
মেহেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশনের অভিযান প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে ঝাড়ুদারের পকেট থেকে ৭৪ হাজার ৬১৪ টাকা উদ্ধার করেছে দুদক। এছাড়াও সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলামের টেবিলের ড্রয়ারে পাওয়া গিয়েছে আরও ৭৬ হাজার টাকা। তবে এই ৭৬ হাজার টাকা সরকারি বলে দাবি করেছেন সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলাম। গতকাল সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলার সমন্বিত অফিসের সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে দুদকের একটি দল মেহেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে এসব টাকা উদ্ধার করে। সকাল থেকে দুদকের সদস্যরা সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করার পর বিকেলের দিকে তাঁরা অভিযানে নামেন। এসময় সাব-রেজিস্ট্রার অফিসের ঝাড়ুদারের পকেট থেকে ৭৪ হাজার ৬১৪ টাকা উদ্ধার করা হয়। তাঁর কাছে এত টাকা কেন জানতে চাইলে ঝাড়ুদার রেজাউল হক দুদককে জানান, সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলামের নির্দেশে রেজিস্ট্রি অফিসের মহুরিদের কাছ থেকে এ টাকা গ্রহণ করা হয়েছে। মেহেরপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ ছিল। সেই অভিযোগের ধারাবাহিকতায় দুদক এ অভিযান পরিচালনা করে। দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলার সমন্বিত অফিসের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, ‘অবৈধ অর্থ লেনদেনের খবর পেয়ে আমরা অভিযান চালায়। আমরা এখানে যা পেয়েছি, তা লিখিতভাবে জানানো হবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন, প্রেসের সামনে বক্তব্য দেওয়ার বিধি নিষেধ আছে, তাই এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ