মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুবলীগ নেতা হত্যা মামলায় ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান কারাগারে

  • আপলোড তারিখঃ ০২-০২-২০২১ ইং
যুবলীগ নেতা হত্যা মামলায় ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান কারাগারে
ঝিনাইদহ অফিস: যুবলীগ নেতা জাকির হোসেন শান্তি হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন মালিথা। গত রোববার আত্মসমর্পণের পর বিজ্ঞ ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত (অতিরিক্ত-১) তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ জুলাই রাতে গান্না বাজার থেকে কাশিমপুর নিজ বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীদের বোমা হামলার শিকার হয়ে ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির হোসেন শান্তি। এ ঘটনায় শান্তির শ্বশুর সিরাজুল ইসলাম মালিথা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন। ২০১১ সালের ২৪ অক্টোবর নাসির উদ্দীনকে ৯ নম্বর আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সেই থেকে পলাতক নাসির উদ্দিন মালিথা। এই মামলায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। এর মধ্যে ৪ জন আসামি ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা হিসেবে নাসির উদ্দিন মালিথার নাম জানান। ২০১৬ সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন নাসির। ২০১৩ সালের পর থেকে ২০২১ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত এসসি ৪৫/১৩ ও এসটিসি ১০৯/১১ মামলা দুটিতে বিজ্ঞ বিচারক ১২টি ওয়ারেন্ট ইস্যু করলেও থানায় পৌঁছেছে মাত্র দুটি। পুলিশের চোখে নাসির পলাতক থেকেও গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে তিনি পুলিশ ও সিভিল প্রশাসনের সঙ্গে অনুষ্ঠান করে বেড়ান। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের আগে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, তিনি ইউনিয়ন রাজনীতির শিকার হয়েছেন। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ