মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌর নির্বাচন : ভোট কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি!

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২১ ইং
দর্শনা পৌর নির্বাচন : ভোট কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি!
ওয়াসিম রয়েল: দর্শনা পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। শীত উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি কিছুটা লক্ষ্য করা গেলেও প্রতিটি কেন্দ্রেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। বরাবরের মতো সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে বুথে ঢোকার অপেক্ষামান দৃশ্য চোখে পড়ে। এগিয়ে যেতেই চোখে পড়ে সবাই দাঁড়িয়ে আছেন একে অপরে গা-ঘেঁষে। মাস্ক নেই অধিকাংশ ভোটারের মুখে। হাতে গোনা কয়েকজন মাস্ক পরলেও তাদের সঙ্গে কথা বলতেই ‘চক্ষু চড়ক গাছ!’। শাবানা খাতুন নামে এক গৃহিনী ভোট দিতে এসেছেন। শত শত ভোটারের মধ্যে তাঁর মুখে মাস্ক থাকায় আগ্রহ নিয়ে জানতে চাওয়া হয়, ‘অধিকাংশ ভোটারই তো মাস্ক পরেননি, আপনি মাস্ক পরেছেন। বেশ সচেতন মানুষ’ উত্তরে জানা গেল, তিনি মূলত মাস্ক পরেছেন নাক-মুখের উপরে উড়ে পড়া ধুলাবালি থেকে নিজেকে বাঁচাতে। তিনি বলেন, ‘ভোটের মাঠে মেলা মানুষ আসে। আর শিতির সুমায় প্রচুর ধুলোবালি ওড়ে। তাই নাক মুক ঢেকে রাখায় ভালো।’ এছাড়া পৌর এলাকার অন্য কেন্দ্রগুলোতে অনেক ভোটাররা মাস্ক পরলেও মানা হয়নি সামাজিক দূরত্ব। এতে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে মনে করছেন অনেকে। সকাল থেকে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দর্শনা বালিকা বিদ্যালয়, আল হেরা ইসলামী মাধ্যমিক বিদ্যালয়, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র সরেজমিন ঘুরে মাস্ক পরা, সামজিক দূরত্ব মানা-না মানার চিত্রই বেশি দেখা গেছে। দর্শনার মেমনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নাম না প্রকাশ করার শর্তে এক পুরুষ ভোটার বলেন, ২য় দফায় করোনা আঘাত হানতে শুরু করেছে।’ এরমধ্যে শীতে করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ভোট কেন্দ্রে অনেকে মাস্ক পরলেও লাইনগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে আমি মনে করি। এদিকে, প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে থাকায় স্বাস্থ্যবিধির কথা যেন ভুলেই গিয়েছিলেন দাবি সচেতন নাগরিকদের। তবে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, এজেন্ট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে দেখা গেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ