চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে পকেটমার আটক
- আপলোড তারিখঃ
২৯-০১-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে হারেজ আলী (৩৫) নামের এক পকেটমারকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর হাসপাতাল থেকে রোগীর পকেট থেকে টাকা নিয়ে পালানোর সময় তাঁকে আটক করেন হাসপাতালে নিয়োজিত পুলিশ সদস্যরা। আটককৃত হারেজ আলী ঝিনাইদহ সদর উপজেলার কালকেপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারের মৃত ইদ্রিস আলী মণ্ডলের ছেলে ইউনুছ আলী বলেন, শারীরিক অসুস্থতা দেখা দিলে তিনি গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহসান নয়নের নিকট যান। হাসপাতালের ১০৯ নম্বর
কক্ষের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় ভিড়ের ভেতর এক ব্যক্তি তাঁকে ধাক্কা দিয়ে তাঁর পকেটে থাকা টাকা নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন। এ সময় ইউনুছ আলী চিৎকার শুরু করেন। খবর পেয়ে সদর হাসপাতালে নিয়োজিত পুলিশের এএসআই ইলিয়াস হোসেন সেখানে যান এবং দ্রুত চোরকে আটক করেন। ইউনুছ আলীর অভিযোগের ভিত্তিতে পকেটমার হারেজ আলীর দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৮ হাজার ৩ শ টাকা।
পকেটমার হারেজ আলী জানান, তিনি দামুড়হুদা উপজেলার রামনগর ক্লাবপাড়ার মৃত তাইজেল হোসেনের জামাই। হাসপাতালে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, তিনি তাঁর অসুস্থ শাশুড়ীকে দেখতে সেখানে যান। তবে খোঁজ নিয়ে সত্যতা মেলেনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাজিদ হাসান বলেন, অনেক গরীব মানুষ আছে, যারা চিকিৎসার টাকা জোগাড় করতে বাড়ির হাঁস-মুরগি বিক্রি করে। সেটা না হলে অন্যের কাছ থেকে ধার করে চিকিৎসা নিতে আসেন। ইউনুছ আলী নামের একজনের পকেট থেকে টাকা নিয়ে পালানোর সময় পকেটমারকে আটক করার পর তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স