মেহেরপুরে বাসের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত
- আপলোড তারিখঃ
২৩-০১-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মারুফা খাতুন (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এসময় তাঁর স্বামী গোলাম মোস্তফা (৪৮) আহত হয়েছেন। গোলাম মোস্তফা মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে মেহেরপুর জেলা শহরের সরকারি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গোলাম মোস্তফা তাঁর স্ত্রী মারুফাকে নিয়ে মোটরসাইকেলযোগে মেহেরপুর শহরে বাজার করতে আসছিলেন। বাজার শেষে মোটরসাইকেলে রাত ৮টার দিকে তাঁরা বাড়ি ফেরার পথে সরকারি কলেজ মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁদের ধাক্কা দেয়। ওই ধাক্কায় মোটরসাইকেলের পিছনে বসা মারুফা ঘটনাস্থলেই নিহত হন। এসময় স্বামী গোলাম মোস্তফা আহত হন। স্থানীয়রা আহত গোলাম মোস্তফাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ দারা খান জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কমেন্ট বক্স