মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রখ্যাত বুদ্ধিজীবী মকবুলার রহমানের চিরপ্রস্থান

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২১ ইং
প্রখ্যাত বুদ্ধিজীবী মকবুলার রহমানের চিরপ্রস্থান
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আলমডাঙ্গা উপজেলার প্রথম চেয়ারম্যান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শোক, রাষ্ট্রীয় মর্যাদায় আজ দাফন সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা তথা দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী, চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকবুলার রহমান ইন্তেকাল করেছেন। এক বর্ণাঢ্য জীবনের চিরপ্রস্থান হলো। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার জেহালা বাজারের প্রয়াত ডা. মকছুদ আলীর ছেলে এম মকবুলার রহমান কয়েকমাস ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। মাঝে মাঝে অল্প কথা বলতে পারলেও প্রায় প্রায়ই চেতনা হারিয়ে ফেলছিলেন। চিকিৎসার জন্য গত বুধবার (২০ জানুয়ারি) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মৃত্যুবরণ করেন। আজ শুক্রবার সকালে পুলিশের পক্ষ থেকে বর্ণাঢ্য এই ব্যক্তিকে গার্ড অব অনার প্রদান করা হবে। জুম্মার নামাজের পর মুন্সিগঞ্জে তাঁর জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হবে বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী উম্মে আতিয়া বানু, ছেলে মোস্তাফিজুর রহমান পুলক, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মকবুলার রহমান ১৩৩৩ বঙ্গাব্দের (১৯২৬ খ্রি.) ১ আষাঢ় আলমডাঙ্গায় নাগদহ গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতন থেকে উচ্চশিক্ষা লাভ করেন। ১৯৫০ সালে তিনি মুন্সিগঞ্জ একাডেমির প্রধান শিক্ষক পদে যোগদান করেন। ১৯৬৮-১৯৭১ জেহালা ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তিন এক সাথে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ গেরিলা বাহিনীর উপদেষ্টার দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি আলমডাঙ্গা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। সাহিত্য অনুরাগী এবং পণ্ডিত ব্যক্তি হিসেবে সুপরিচিত। এদিকে, প্রখ্যাত বুদ্ধিজীবী মকবুলার রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষে এডহোক কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হুসাইন মালিক, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাধারণ সম্পাদক মো. জানিফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ