চুয়াডাঙ্গায় পুলিশের উপহার পেল সদ্যভূমিষ্ঠ আরও ১১টি কন্যা শিশুর পরিবার
- আপলোড তারিখঃ
২২-০১-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদক:
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক গণমুখী কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। এরই ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে তিনি চুয়াডাঙ্গা এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহন করেছেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের পক্ষ থেকে সদ্যভূমিষ্ঠ আরও ১১টি কন্যা শিশুর পরিবারকে পাঠানো হয়েছে ফুল, মিষ্টি ও নতুন পোশাক। গত বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামের আয়নাল হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে ১১জন পুলিশ কন্ট্রল রুমে ফোন করে জানায় তাঁদের পরিবারের কন্যা সন্তানের জন্ম হয়েছে। পুলিশ কন্ট্রোলরুমে কন্যা সন্তান ভুমিষ্ট হওয়ার সংবাদ জানার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য প্রতিটা শিশুর জন্য একটি নিউবর্ণ বেবী প্যাকেজ, মিষ্টি ও ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়। পুলিশ সদস্যদের উপহারসহ উপস্থিতি নতুন শিশুর পরিবারের সদস্যদের আনন্দ বাড়িয়ে দেয়। কন্যা শিশুর পরিবারের সদস্যরা পুলিশ সুপারের পাঠানো উপহার পেয়ে আনন্দিত হয় এবং পুলিশ সুপারের আন্তরিকতা ও ভালবাসায় মুগ্ধ হয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কমেন্ট বক্স