দুজন আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা
- আপলোড তারিখঃ
২০-০১-২০২১
ইং
দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করেন। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের মৃত ফকির বিশ্বাসের ছেলে হাফিজুর রহমান হাপু (৪৪) ও একই উপজেলার চিত্রা তেঁতুলতলা পাড়ার শ্রী গোপাল চন্দ্র দাসের ছেলে শ্রী লক্ষণ কুমার দাস (৩৫)। আটককৃতদের মধ্যে হাপুর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা করা হয় এবং লক্ষণ কুমার দাসকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের হাফিজুর রহমান হাপুর বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাঁকে আটক করেন। আটককৃত হাফিজুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
অপর দিকে, একই দিন সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম দামুড়হুদা উপজেলার চিত্রা তেঁতুলতলা পাড়ায় শ্রী লক্ষণ কুমার দাসের বাড়িতে অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শ্রী লক্ষণ কুমার দাসকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করাসহ ৫শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত লক্ষণ কুমার দাসকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স