মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও পৌর নির্বাচনে পুনরায় কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মধ্যবয়সী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি মাঠপাড়ার সুফিয়া খাতুনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার (১১ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী আকলিমা ওরফে ডলি। থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি মাঠপাড়ায় গত শুক্রবার সকাল ১০টার দিকে কাউন্সিলর জাহাঙ্গীর আলম আমার মোবাইল ফোনে কল করে এলাকার কলমের দোকানের পাশে সুফিয়ার বাড়িতে ডাক দেয়। আমি সেখানে গেলে কাউন্সিলর জাহাঙ্গীর আলম আমাকে একা পেয়ে ঘরের ভেতর হাত চেপে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। শুধু তাই না, জাহাঙ্গীর আলম আমাকে কিছু টাকা দিয়ে তার সঙ্গে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। অবস্থা বেগতিক দেখে আমি জোর করে বাইরে বের হয়ে যাই।’ তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার পর থেকে কাউন্সিলর জাহাঙ্গীর আলম বিষয়টি কাউকে না বলার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাঁর এক খালাকে দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন বলে জানান ডলি। এ ব্যাপারে জানতে চাইলে কাউন্সিল জাহাঙ্গীর আলম তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ‘চলতি ৩০ জানুয়ারি ১ নম্বর ওয়ার্ডের নির্বাচন। প্রতিপক্ষ আমাকে সমাজের কাছে ছোট করার জন্য এ ধরনের মিথ্যা রটনা রটিয়ে বেড়াচ্ছে। শুক্রবার সকালে ডলির সঙ্গে আমার দেখা হয়েছিল ঠিকই, তবে তার কাছে আমি ভোট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছিলাম। তার অভিযোগ সঠিক নয়।’ চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘গত শুক্রবার ঘটনাটি ঘটলেও আজ (সোমবার) বিকেলে আকলিমা ওরফে ডলি একটি লিখিত অভিযোগ দিয়েছে থানায়। বিষয়টি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ উল্লেখ্য, প্রথম ধাপে চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন (২৩ ডিসেম্বর) রাতে ইন্তেকালের পর ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৮ ডিসেম্বর ১ নম্বর ওয়ার্ড সাধারণ কাউন্সিলর পদে ভোট গ্রহণ স্থগিত করা হলেও মেয়র ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে পুনরায় সাধারণ কাউন্সিলর পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৬ জানুয়ারি, প্রার্থীতা যাচাই-বাছাই ৭ জানুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৩ জানুয়ারি ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ