আলমডাঙ্গায় মরা গরুর মাংস বিক্রি, দুজনের জরিমানা
- আপলোড তারিখঃ
০৫-০১-২০২১
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় মরা গরুর পচা মাংস বিক্রয় করার অপরাধে আশরাফ আলী ও জিন্দার আলী নামের দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। কসাই আশরাফ আলী আলমডাঙ্গার কুঠি পাইকপাড়া গ্রামের ইয়াস উদ্দীনের ছেলে ও তাঁর সহকারী জিন্দার আলী।
জানা যায়, আশরাফ আলী কসাই বাড়ি থেকে ফ্রিজজাত করা মাংস নিয়ে পার্শ্ববর্তী ঘোলদাড়ি বাজারে বিক্রি শুরু করেন। মাংসের মান খুব নিম্ন ও দুর্গন্ধযুক্ত হওয়ায় কয়েকজন ক্রেতারা বিষয়টি ঘোলদাঁড়ি ক্যাম্পে জানায়। পরে জানতে পারেন যে একই গ্রামের গোলাম রসুলের একটি গরু ২ দিন আগে শ্বাসনালীতে ঘাষ বেঁধে মারা যায়। মরা গরু ৫ হাজার টাকায় ক্রয় করে নিয়ে আসেন কসাই। রাতে মরা গরু জবাই করে মাংস নিজের বাড়িতে ফ্রিজে রেখে গতকাল বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। পরে ঘোলদাঁড়ি ক্যাম্প পুলিশ কসাই ও সহযোগীকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালকনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পচা মাংস বিক্রির অপরাধে কসাই আশরাফ আলীকে ২০ হাজার ও মাংসসের দোকানের সহকারী জিন্দার আলীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
কমেন্ট বক্স