রাবার বুলেট ও ফাঁকা গুলি নিক্ষেপ, পুলিশসহ আহত ৮
- আপলোড তারিখঃ
০৪-০১-২০২১
ইং
শৈলকুপায় আ.লীগ ও বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী ও বিদ্রোহী মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৭ পুলিশ সদস্য আহত হয় বলে জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সরোয়ার নামে বিদ্রোহী প্রার্থীর এক কর্মীকে মুমূর্ষূ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গতকাল রোববার সন্ধ্যার দিকে নৌকা মার্কার একটি মিছিল চৌরাস্তা হয়ে সরকারি ডিগ্রি কলেজ রোড দিয়ে যায়। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমানের অফিস অতিক্রমের সময় উভয় মেয়র প্রার্থীর কর্মীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে আওয়ামী লীগ প্রার্থী কাজী আশরাফুল আজম ও বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমানের কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে ১২ রাউন্ড ফাকা রাবার বুলেট নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় সংঘর্ষকারীদের ইটের আঘাতে ৭ পুলিশ সদস্য আহত হয় বলে পুলিশ দাবি করছে।
আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী কাজী আশরাফুল আজম বলেন, তাঁর কর্মী-সমর্থকরা একটি মিছিল নিয়ে কলেজ রোড দিয়ে যাওয়ার সময় দল থেকে বহিষ্কারের রাগে বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমানের কর্মী-সমর্থকরা তাঁর মিছিলের ওপর হামলা চালায়। এ হামলার কথা অস্বীকার করে বিদ্রোহী মেয়র প্রার্থী তৈয়বুর রহমান খান বলেন নৌকা মার্কার মিছিল থেকে তাঁর কলেজ রোডের স্কুল মার্কেটের নির্বাচনী অফিসে হামলা চালায়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মহসিন হোসেন জানান, আওয়ামী লীগ ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে। হামলাকারীদের ইটের আঘাতে ৭ পুলিশ সদস্য আহত হন। তবে এখনো কেউ মামলার জন্য থানায় আসেনি।
কমেন্ট বক্স